আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার বিচার সাড়ে চার বছরেও শেষ হয়নি। এ মামলার ৬০ আসামির ৫২ জনই উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে গেছেন, বাকিদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আজ বুধবার এ মামলার শুনানির দিন ধার্য আছে।
ছয় খুনের এ ঘটনা ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতের। সাত বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলেন আমিন বাজারের বড়দেশী গ্রামে। রাত সোয়া একটার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত ওই সাত ছাত্রকে ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এতে একজন প্রাণে বাঁচলেও ছয়জন মারা যান। নিহত ছাত্রদের স্বজনদের দাবি, হামলায় অংশ নেওয়া অধিকাংশ লোকই মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
এ মামলার নিয়মিত খোঁজখবর রাখেন নিহত কামরুজ্জামান কান্তর বাবা আবদুল কাদের। প্রথম আলোকে তিনি বলেন, ‘আসামিরা প্রতিনিয়ত আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরাপত্তা চেয়ে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি, কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। এখন আদালতে যাওয়ার আগে সবার কাছে বিদায় নিয়েই যাই।’
হামলায় নিহত ছাত্ররা হলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাপললিফের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম (১৮), মিরপুর বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান (২০), একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল (২১), উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান (১৬), তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান (১৯) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবির (২০)।
হামলায় প্রাণে বেঁচে যাওয়া আল-আমিন প্রথম আলোকে বলেন, ‘সাত বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ একদল লোক চোখে টর্চ লাইট ধরে জানতে চায় আমরা কোথা থেকে এসেছি। আমরা ছাত্র পরিচয় দিয়ে দারুস সালাম থেকে ঘুরতে এসেছি জানালে তারা আমাদের বলে, “তোরা ডাকাত”। এরপর সবাই আমাদের মারতে শুরু করে।’
হামলার পরদিন আবদুল মালেক বাদী হয়ে নিহত ছয়জন ও আল-আমিনের বিরুদ্ধে সাভার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। তদন্তে ডাকাতির মামলাটি মিথ্যা প্রমাণিত হয় এবং ছয় ছাত্রকে হত্যার অভিযোগে পুলিশ বাদী হয়ে সাভার থানায় একটি মামলা করে। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ জানুয়ারি র্যাব ৬০ জনের নাম উল্লেখ করে আদালতে একটি অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে সাক্ষী করা হয় ৯২ জনকে। মামলাটি এখন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।
আদালতটির সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শাকিলা জিয়াসমিন প্রথম আলোকে বলেন, মামলার আসামিদের মধ্যে ৫২ জন জামিনে রয়েছেন। একজন মারা গেছেন ও একজন গ্রেপ্তার হয়েছেন। ছয়জন এখনো পলাতক। পলাতক আসামিরা হলেন—মনির, মোবারক, সাত্তার, আফজাল, আলম ও সাইফুল। গ্রেপ্তার হওয়া আল-আমিন গত বছর মোহাম্মদপুর থানার একটি অস্ত্র মামলায় ধরা পড়েন। পরে গত ২৮ জানুয়ারি তাঁকে ছয় ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। মামলার মোট সাক্ষী ৯২ জন। এর মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
কামরুজ্জামানের মা লুৎফুন নাহার বলেন, ‘ওরা আমার বাবারে পিডায়ে মারল। দুনিয়ায় এর বিচার পাব কি না, জানি না। তবে তাঁর (সৃষ্টিকর্তা) কাছে বিচার চাইব, জানতে চাইব আমার বাবার কী দোষ ছিল’।
কাদের-লুৎফুন নাহারের মতোই সন্তানহারা অন্য বাবা-মায়ের অবস্থাও একই রকম। নিহত শামস রহিমের বাবা আইনজীবী আমিনুর রহিম, আহত আল-আমিনের বাবা হবি ব্যাপারীও প্রথম আলোর কাছে নিজেদের নিরাপত্তাহীনতার কথা বলেন।