৬০ লাখ ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ লাখ ভারতীয় রুপিসহ গতকাল রোববার ভোরে রাজধানীর উত্তরা থেকে এক পাকিস্তানি নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা মুদ্রাগুলো জাল না আসল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।তাঁরা হলেন: পাকিস্তানি নাগরিক মঈন উদ্দিন ও বাংলাদেশি নাগরিক শফিকুর রহমান। র‌্যাবের দাবি, তাঁরা দুজনই আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের সদস্য।গতকাল দুপুরে র‌্যাব-১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই দুজনকে হাজির করা হয়। এ সময় বক্তব্য দেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান এম সোহায়েল। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান ও র‌্যাব-১-এর পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তরার হোটেল নগরভ্যালিতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁদের কাছে থাকা কাগজের কার্টন ও পানির ফ্লাস্কের ভেতর থেকে ৫৯ লাখ ৯৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। মেজর নিশাদুল ইসলাম খান এ অভিযানের নেতৃত্ব দেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মঈন উদ্দিন র‌্যাবকে জানান, তাঁর বাড়ি পাকিস্তানের করাচিতে। তিনি করাচিতে তৈরি পোশাক কারখানায় কাজ করেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে করাচি থেকে দোহা হয়ে ভোররাতে ঢাকায় আসেন। ভোর চারটার দিকে তিনি বিমানবন্দরে নামেন। নেমেই উত্তরার নগরভ্যালি হোটেলে ওঠেন। পাকিস্তান থেকে যাঁরা তাঁকে পাঠিয়েছেন, তাঁদের সঙ্গে তাঁর চুক্তি ছিল মাঝারি আকারের কাগজের কার্টনটি তিনি নগরভ্যালি হোটেলে এসে একজন বাংলাদেশির কাছে হস্তান্তর করবেন। এর আগেও তিনি আরেকটি চালান নিয়ে এসেছিলেন। এর জন্য খরচ বাদে তাঁকে ১০ হাজার রুপি দেওয়া হয়।গ্রেপ্তার শফিকুর বলেন, তাঁর বাড়ি চাঁদপুরে। রাজশাহীর বেলপুকুরে তিনি মুরগির খামার করেছিলেন। খামারটি নষ্ট হয়ে গেলে তিনি পথে বসেন। তিনি ঢাকায় এসে উত্তরার এক ব্যবসায়ী বন্ধুর সাহায্য নেন। ওই ব্যবসায়ী মুদ্রার কার্টনটি নেওয়ার জন্য তাঁকে পাঠান। তাঁর দায়িত্ব ছিল হোটেল থেকে কার্টনটি ওই ব্যবসায়ীর বাসায় নিয়ে যাওয়া। উদ্ধার করা মুদ্রাগুলো আসল না জাল—এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের কর্মকর্তা এম সোহায়েল বলেন, সেটা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। র‌্যাব-১-এর পরিচালক রাশিদুল হাসান বলেন, তাঁরা এই টাকার নমুনা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ভারতের হাইকমিশনে পাঠাবেন।