৬৮টি ট্রাকে রাজধানীজুড়ে ওএমএসের চাল বিক্রি শুরু
২৪ টাকা কেজি দরে সারা দেশে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু করেছে খাদ্য বিভাগ। গতকাল মঙ্গলবার ডিলারদের মাধ্যমে শহর এলাকায় জনপ্রতি পাঁচ কেজি করে এ চাল বিক্রি কার্যক্রম শুরু হয়। এবারই প্রথমবারের মতো ডিলারদের মাধ্যমে ট্রাকে করে চাল বিক্রি করা হচ্ছে। প্রথম দিনে খুব একটা ক্রেতাসমাগম দেখা যায়নি।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীতে ১০০টি ট্রাকে চাল বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও গতকাল প্রথম দিনে ৬৮টি ট্রাক নামানো হয়। প্রতি ট্রাকে চার টন করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে তিন টন। প্রথম দিন হিসেবে পরীক্ষামূলকভাবে কম ট্রাক ও চাল দেওয়া হয়েছে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। আজ থেকে ট্রাকের সংখ্যা ও চালের পরিমাণ বাড়তে পারে। গতকাল সকাল ১০টায় ঢাকাসহ সারা দেশের মহানগর ও বিভাগীয় জেলা শহরে এ কার্যক্রম শুরু হয়। আজ শ্রমঘন জেলা শহরেও এ কার্যক্রম শুরু হবে।রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, মিরপুর-১০, মিরপুর-১, লালকুঠি, গাবতলী, শংকর, আজিমপুর, পলাশী, মহাখালী, আমতলী, রামপুরা বাজার, রামপুরা টিভি স্টেশনের সামনে, বাড্ডা, বাসাবো, গোরান, কমলাপুরসহ ৬৮টি স্থানে ট্রাকে করে এ কার্যক্রম শুরু হয়েছে।খাদ্য বিভাগের মহাপরিচালক আহমেদ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রতিদিনই ট্রাকের সংখ্যা বাড়বে। প্রয়োজনে ট্রাকপ্রতি চালের পরিমাণও বাড়ানো হবে। চালের মূল্য দরিদ্র মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে ১৬ আগস্ট থেকে ফেয়ার প্রাইস কার্ডের (এফপিসি) মাধ্যমেও চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।ওএমএস ও এফপিসির ক্ষেত্রে সাধারণ মানুষ ২৪ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। তবে ওএমএসের ক্ষেত্রে সপ্তাহে পাঁচ দিন জনপ্রতি পাঁচ কেজি এবং এফপিসিতে জনপ্রতি মাসিক ২০ কেজি করে চাল কিনতে পারবেন।রমজান মাসের পুরো সময়জুড়ে সপ্তাহের শুক্র ও মঙ্গলবার ছাড়া অন্য পাঁচ দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চাল বিক্রি হবে। এ জন্য সারা দেশের ৪৮৫ জন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬৫ জন ট্রাক ও বাকিরা দোকান ডিলার। দোকান ডিলাররা কেবল বন্যাকবলিত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় চাল বিক্রি করবে।সারা দেশে এবার আট লাখ ৫৬ হাজার ব্যক্তিকে এফপিসি কর্মসূচির আওতায় আনা হয়েছে। এদের মধ্যে তিন লাখ ৬৬ হাজার ৪০০ কার্ড দেওয়া হয়েছে ঢাকা মহানগরে। ঢাকার ১৭টি শ্রমঘন ইউনিয়নে দেওয়া হয়েছে ৫৬ হাজার ৪১০টি কার্ড।বাকি চার লাখ ৩৩ হাজার ৮৫৭ জন হচ্ছে অন্য বিভাগীয় শহর, মহানগর ও জেলা শহরের জন্য। এ কর্মসূচির জন্য ৫৩২ জন ডিলার নিয়োগ করা হয়েছে।