রাজধানীর দনিয়ায় দাফনের ৭২ দিন পর জনি (২৪) নামে এক যুবকের লাশ সোমবার কবর থেকে তোলা হয়েছে। পুনরায় ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনায় জনির মৃত্যু হয়েছিল। কিন্তু পরিবারের অভিযোগ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। মৃত জনির বাবা আবেদ আলী সরদার জানান, গত ১৫ এপ্রিল বিকেলে তাঁর দনিয়ার বাড়ি থেকে টিপু, নাদিম ও মজনু নামে তিন যুবক জনিকে ডেকে নিয়ে যায়। তাঁদের সঙ্গে কাজ শেষে জনি তাঁর শেখদী বাঁশপট্টির বাসায় যান। ওই দিন রাতেই টিপু আবার মোবাইল ফোনে জনিকে ডেকে নেন। জনি আর রাতে বাসায় ফেরেননি। আবেদ আলী বলেন, পরের দিন সন্ধ্যায় দুই স্থানীয় যুবক শোনে টিপু জনৈক মিঠুকে মোবাইলে বলছে,‘পোস্ট মর্টেম শেষ।’ তাদের কাছ থেকে একথা জেনে জনির স্বজনরা ঢাকা মেডিকেলে ছুটে যান। আবেদ আলী দাবি করেন, রাতে তিনি থানায় গিয়ে পুলিশের সঙ্গে আসামিদের কথা বলতে দেখেন। তাঁকে দেখে আসামিরা পালিয়ে যান।পুলিশ আবেদ আলীকে জানায়, রিকশায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জনি আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। আবেদ আলী দাবি করেন টিপু, নাদিম ও মজনু তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে বিষয়টি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। ১১ মে তিনি ওই তিনজনসহ আরও কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পরে মামলাটি গোয়েন্দা পুলিশে নেওয়া হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সিকদার প্রথম আলোকে বলেন, জনি দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। প্রাথমিক তদন্তে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন।