নল খুলে নেওয়ায় শিশুর মৃত্যু
৮ বছর ধরে দালালির কাজ করেন ‘মালিক’ সরোয়ার
মামলার অন্যতম আসামি হাসপাতালের আরেক পরিচালক সোয়েব খান পলাতক। দালাল শনাক্ত হয়নি।
রাজধানীর শ্যামলীর নামসর্বস্ব ‘আমার বাংলাদেশ’ হাসপাতালের পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার একসময় নিজেই ‘দালাল’ ছিলেন। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে নামসর্বস্ব বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেন। প্রায় আট বছর ধরে তিনি দালালির কাজ করেন। এরপর যৌথ মালিকানায় একটি নামসর্বস্ব ডায়াগনস্টিক সেন্টার খুলে ব্যবসা শুরু করেন।
অক্সিজেনের নল খুলে চিকিৎসা বন্ধ করায় যমজ শিশুর একজনের মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় গতকাল শনিবার গোলাম সরোয়ারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এখন তিনি মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন। যমজ শিশুর মা আয়েশা আক্তারকে ফুসলিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নামসর্বস্ব হাসপাতালে নিয়ে যাওয়া দালালকে গ্রেপ্তার করা যায়নি। মামলার আসামি ও হাসপাতালের অপর পরিচালক সোয়েব খানকেও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল ওই হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, আসামি গোলাম সরোয়ারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় আর কে কে জড়িত, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। মামলায় উল্লেখ করা দালালকে এখনো চিহ্নিত করা যায়নি। এ বিষয়েও গোলাম সরোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার আসামির পাশাপাশি তদন্তে যাঁদের নাম আসবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।
এদিকে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে মারা যাওয়া শিশু আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় শিশুটির লাশ মামা মেহেদী হাসানের জিম্মায় হস্তান্তর করা হয়। মেহেদী তাঁর বাড়ি সাভারের ভাটপাড়ায় আহমেদের লাশ নিয়ে যান।
আর শিশু আবদুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের পেডিয়াট্রিক হাই ডিপেন্ডেন্সিতে (এইচডিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা আগের চেয়ে ভালো বলে প্রথম আলোকে জানান শিশু বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম।
যমজ শিশুর মামা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী রাতে জানাজা শেষে ভাটপাড়াতেই আহমেদের লাশ দাফন করা হয়েছে। তাঁর বোন আয়েশা আক্তার শিশু আবদুল্লাহর সঙ্গে আছেন।
গত ৩১ ডিসেম্বর যমজ শিশুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মা আয়েশা আক্তার। এক দালালের খপ্পরে পড়ে ২ জানুয়ারি শিশু দুটিকে শ্যামলীর আমার বাংলাদেশ নামে একটি নামসর্বস্ব হাসপাতালে ভর্তি করেন। তিন দিন পর (৫ জানুয়ারি) আয়েশাকে ১ লাখ ২৬ হাজার টাকা বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সৌদিপ্রবাসী স্বামী মো. জামালের কাছ থেকে ৪০ হাজার টাকা এনে পরিশোধ করার পরও ৬ জানুয়ারি যমজ সন্তানকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহমেদ নামের শিশুটি মারা যায়।
সেই হাসপাতালে কেউ নেই
রাজধানীর শ্যামলী ওভারব্রিজের কাছে একটি ভবনের ১০ তলায় আমার বাংলাদেশ হাসপাতালের অবস্থান। গতকাল সন্ধ্যায় ১০ তলায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের নামের সাইনবোর্ড টানানো দুটি প্রবেশমুখের দরজায় আধা ঘণ্টা ধরে কড়া নাড়ার পরও সাড়া মেলেনি। ওই হাসপাতালের পাশেই রয়েছে হাসান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের অফিস। সেটিও বন্ধ পাওয়া গেছে। ওই ভবনের নিরাপত্তাকর্মীরা বলছেন, শুক্রবার র্যাবের অভিযানের পর হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্য কর্মীরা চলে গেছেন।