৮০ শতাংশ বাস্তবায়নের চেষ্টা করা হবে: মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০১৫-১৬ অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ছিল ৬৩ শতাংশ। বাজেট বাস্তবায়নের এই হারকে সন্তোষজনক নয় বলে মন্তব্য করে মেয়র আনিসুল হক বলেছেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ৮০-৮৫ শতাংশ বাস্তবায়নের চেষ্টা করা হবে।
গতকাল রোববার মেয়র আনিসুল হক এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির ২০১৬-১৭ অর্থবছরের ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করেছেন। বাজেট ঘোষণার পর মেয়র গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এই বছরের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঢাকার আশপাশের ১৬টি ইউনিয়ন ঢাকার দুই সিটি করপোরেশনে যুক্ত করার সিদ্ধান্ত হয়। এর ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হয়। এই ইউনিয়নগুলোর বিষয়ে পরিকল্পনা কী জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এই ইউনিয়নগুলোকে নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই আটটি ইউনিয়নকে তিনটি নতুন জোন ও আটটি ওয়ার্ডে ভাগ করার পরিকল্পনা করা হচ্ছে।’
গতকালের সংবাদ সম্মেলনে ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। তাতে দেখা যায়, বাজেটে ৮৮২ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য থাকলেও ডিএনসিসি আদায় করতে পেরেছে ৫৫৭ কোটি টাকা। এবারের বাজেটেও আয়ের প্রধান উৎস রাজস্ব আদায়।
ডিএনসিসি এত বিশাল আকারের রাজস্ব আদায়ে সক্ষম কি না এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, মহাখালী কাঁচাবাজার প্রকল্পের দোকান বরাদ্দ দিতে না পারায় প্রায় ১৫৫ কোটি টাকা রাজস্ব কম পাওয়া গেছে। মহাখালী ও আমিন বাজার কাঁচাবাজারের সেলামি বাবদ আগামী বছর ১৬০ কোটি টাকা আদায় করা হবে। এই দুটি কাঁচাবাজারে কারওয়ান বাজার স্থানান্তর করা হবে। রাজস্ব আদায় বৃদ্ধি করা হবেই।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রারম্ভিক স্থিতি ছিল ৯৮ কোটি টাকা। অনেক হিসাব করে এবারের বাজেটের প্রারম্ভিক স্থিতি ২৩৪ কোটি টাকা দেখানো হয়েছে। তিনি বলেন, ‘চাইলে আরও বড় আকারের বাজেট পেশ করা যেত। কিন্তু বাস্তবতা বিবেচনা করেছি। আমরা আয় বুঝে ব্যয় করতে চাই।’
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসন ও সড়ক অবকাঠামোর উন্নয়নে ১ হাজার ২৫ কোটি ৮৭ লাখ টাকার তিন বছরের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মেয়র জানান, সেই প্রকল্পের কাজ আগামী মাসে শুরু করা হবে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন নগর ভবনে কাজ শুরু করবে বলে মেয়র জানান।