
দেশে ২০১৪-১৫ অর্থবছরে ফুল উৎপাদন হয়েছে প্রায় ৫৭ হাজার মেট্রিক টন। বিক্রি হয়েছে প্রায় ৮০০ কোটি টাকার ফুল। ২০১৩-১৪ বছরে উৎপাদিত হয়েছিল প্রায় ৫০ হাজার মেট্রিক টন। এভাবে প্রতিবছরই ফুল চাষের জমির পরিমাণ ও উৎপাদন বাড়ছে। অগ্রসরমাণ এ খাতকে এগিয়ে নিতে সমন্বিত ফুল নীতি, ফুলের স্থায়ী বাজার এবং ফুল নিয়ে গবেষণার দাবি জানিয়েছেন ফুল ব্যবসায়ী ও চাষিরা।
প্রথমবারের মতো দেশে উৎপাদিত ফুল নিয়ে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। মেলায় অংশ নেওয়া ফুল ব্যবসায়ী ও চাষিরা এসব দাবি তুলে ধরেন। দেশি ফুলের বৈচিত্র্যের সঙ্গে মানুষের পরিচয় বাড়ানো, ফুলের সামগ্রিক ব্যবহার বৃদ্ধি এবং দেশে ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) এবং উইন্ডমেইল এ মেলার আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করেছে ইউএসএআইডির এভিসি প্রকল্প ও অনলাইনভিত্তিক ফুল বিক্রির ওয়েবসাইট দেশিফুল ডট কম।
মেলার উদ্বোধনী পর্বে ‘ফুল চাষের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসের উপদেষ্টা গয়ানাথ সরকার। তাতে বলা হয়, বর্তমানে ২২টি জেলার প্রায় ১৫ হাজার কৃষক ফুল চাষের সঙ্গে জড়িত। দেড় লাখের বেশি লোক ফুল পরিবহন, বিপণন ও ব্যবসার সঙ্গে জড়িত।
প্রবন্ধে বলা হয়, ১৯৮৩ সালে দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়। বর্তমানে খুলনা বিভাগে সবচেয়ে বেশি প্রায় ২ হাজার ৬০০ হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। মোট উৎপাদিত ফুলের ৩১ শতাংশ গ্লাডিওলাস, ২৪ শতাংশ গোলাপ, ১৯ শতাংশ রজনীগন্ধা। প্রতি হেক্টর জমিতে অন্যান্য খাদ্যশস্য ও অর্থকরী ফসলের তুলনায় ফুল চাষ করে বেশি লাভ হয়। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশে ফুলের জাত, রং ইত্যাদি নানা বিষয়ে গবেষণা হচ্ছে। বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশ হওয়ায় সাধারণ জনগণের ফুল কেনার সামর্থ্য বেড়েছে। অর্কিড, জারবেরা ফুলগুলো নয়ন সুখকর, কিন্তু সুবাস নেই। এই বিষয়ে দেশের বিজ্ঞানীদের অনেক কিছু সংযোজন করার সুযোগ আছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈনউদ্দিন আবদুল্লাহ্ বলেন, দেশে ফুলের চাহিদা তৈরি হলেও প্রস্তুতি ছিল না। এখন ফুল বিষয়ে গবেষণা হচ্ছে। কৃষক থেকে খুচরা বিক্রেতা পর্যায়ে আসতে ২০-২৫ শতাংশ ফুল নষ্ট হয়, এটা কমাতে হবে। ফুলচাষিদের পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা দেবে সরকার।
দুই দিনব্যাপী এই মেলায় ফুল উৎপাদক, ফুল ব্যবসায়ী (পাইকারি ও খুচরা), ফুল খাতের সংশ্লিষ্ট সংগঠন, সাজসজ্জা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান (ইভেন্ট ম্যানেজমেন্ট) অংশ নিচ্ছে। মেলার ২০টি স্টলের ১৭টিতে বিভিন্ন প্রতিষ্ঠান আর বাকি তিনটিতে ২৩ জন ফুলচাষি বিভিন্ন জাতের ফুল প্রদর্শন করছেন। মেলা উপলক্ষে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন সেজেছে ফুলে ফুলে। প্রবেশমুখেই গোলাপে সজ্জিত তোরণ। একটু এগোলে নিচতলার মিলনায়তনের দরজায়ও গোলাপের অভ্যর্থনা। মিলনায়তনের ভেতরে যেন ফুলের রাজ্য।
আয়োজক সংগঠন বিএফএসের সভাপতি আবদুর রহিম বললেন, ঢাকায় ফুলের একটি স্থায়ী পাইকারি বাজার প্রয়োজন। ফুল খাতের উন্নয়নে সরকারকে দীর্ঘমেয়াদি প্রকল্প নিতে হবে।