৮৭ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও ও চকবাজার এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৮৭ হাজার পিস ইয়াবা আটক করা হয়েছে। এসব ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সইবুর রহমান, শামীম আলী, মোস্তাক আহমেদ, মাসি আলম ও মো. ওয়াহিদ।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি মোহাম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে পরিদর্শক বিপ্লব কিশোর শীলের নেতৃত্বে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসব ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে সইবুর রহমান ও শামীম আলীকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যা ব-২-এর একটি দল চকবাজারের পোস্তা এলাকার একটি বাসায় অভিযান চালায়। র্যা ব-২-এর উপপরিচালক মেজর মো. নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে এই অভিযানে মোস্তাক আহমেদ, মাসি আলম ও মো. ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় এঁদের কাছ থেকে ১৬ হাজার ৬৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। র্যা বের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে থেকে পোশাক কারখানার পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যানসহ সোহেল রানা, মোশারফ মুন্সি ও নবী হোসেনকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা। এ সময় এঁদের কাছ থেকে একটি ছোরা, একটি কাটার ও দুটি হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।