৯ দফা দাবির বাস্তবায়ন চেয়ে রামপুরা সড়কে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়ক নিশ্চিতে ৯ দফা দাবির বাস্তবায়ন চেয়ে রাজধানীর রামপুরার সড়কে অবস্থান নেন রামপুরা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা
ছবি: নুরুল আমিন

নিরাপদ সড়ক নিশ্চিতে নয় দফা দাবির বাস্তবায়ন চেয়ে অবস্থান নিয়েছেন রামপুরা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাঁরা।

গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, বাসভাড়ায় হাফ পাস ও নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার নয় দাবি ঘোষণা করে সড়ক ছাড়েন তাঁরা। শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলন শুরু করার ঘোষণা দেওয়া হয়।


আজ বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। তাঁদের হাতে রয়েছে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তাঁরা।

একটি স্লোগান হলো ‘দিয়ে দিয়ে আশ্বাস, আর ভেঙো না বিশ্বাস’। আন্দোলনরত শিক্ষার্থীদের কাছাকাছি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

গণপরিবহনের অর্ধেক ভাড়ার দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর সড়কে এবং দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি করেন পরিবহনমালিকেরা। এর পরই এ আন্দোলনের শুরু। এরই মধ্যে গত বুধবার কলেজে যাওয়ার পথে গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হন নাঈম হাসান। দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এর পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির। তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর সাবেক কর্মীও। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিরাপদ সড়কের দাবিও এর ফলে আরও জোরালো হয়ে ওঠে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সারা দেশে বিআরটিসির বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গত শুক্রবার এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সরকারি এ পরিবহন পরিষেবায় অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত হলেও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চলা সিংহভাগ ব্যক্তিমালিকানাধীন বাসের ক্ষেত্রে অর্ধেক ভাড়ার বিষয়টি এখনো ঝুলে আছে। এ নিয়ে সরকারের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে পরিবহনমালিকদের। তবে এর কোনো সুরাহা হয়নি।