৯০ ভাগ ভবনে পার্কিং ব্যবস্থা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৪০ ভাগ বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এর মধ্যে এলাকা হিসেবে মতিঝিলের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানকার ৯০ ভাগ ভবনেরই নিজস্ব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। এই হিসাব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)।

রাজউকের ইমারত নির্মাণ আইন ও বিধিমালা অনুসারে ছয়তলার ওপরে নির্মিত সব ভবনে নকশা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

নগর পরিকল্পনাবিদেরা বলছেন, বহুতল ভবনে পার্কিং না থাকায় সামনের রাস্তায় গাড়ি রাখার কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় যানজট ‘স্থায়ী’ রূপ নিয়েছে। বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা না গেলে যানজট পরিস্থিতির আরও অবনতি হবে।

রাজউক সূত্র বলছে, মতিঝিলের মতো দিলকুশা বাণিজ্যিক এলাকার বেশির ভাগ ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে দিনের বেলা ওই দুই এলাকায় অধিকাংশ ভবনের সামনে রাস্তার পাশে গাড়ি পার্ক করে রাখা হয়, যা ওই এলাকার যানজটের অন্যতম প্রধান কারণ।

মতিঝিল ও দিলকুশা এলাকার বেশির ভাগ বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকার বিষয়টি স্বীকার করেছেন রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, সেখানকার বেশির ভাগ ভবন অনেক আগে নির্মিত হওয়ায় পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। ভবনের সামনে রাস্তায় যাতে গাড়ি পার্ক করে রাখা না হয় সে জন্য রাজউক প্রায়ই অভিযান চালায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি সূত্র জানিয়েছে, মতিঝিলে ২১ কাঠা জমিতে নির্মাণ করা ৩৭ তলা ‘সিটি সেন্টার’ ভবনের ১০টি ফ্লোর (তলা) গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ রাখা আছে। কিন্তু দুই বছর আগে সিটি সেন্টার উদ্বোধন হলেও এখনো পার্কিংয়ের ব্যবস্থা চালু হয়নি।

সরেজমিনে শাপলা চত্বর থেকে দৈনিক বাংলার মোড় ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, পুরোনো বহুতল ভবনগুলোর বেশির ভাগেরই গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এসব ভবনের সামনের রাস্তায় গাড়ি পার্ক করতে দেখা গেছে।

গুলিস্তানে যেসব বহুতল বিপণিকেন্দ্র গড়ে উঠেছে, সেগুলোর কয়েকটিতে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হলেও ব্যবহার হচ্ছে দোকানঘর হিসেবে। যেমন সুন্দরবন স্কয়ার, ‘দেশের সর্ববৃহৎ পাইকারি জুতার মার্কেট’ ভবনের ভূতলে (বেজমেন্ট) দোকানঘর, গুদাম ও পাহারাদারদের থাকার জায়গা করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন সুন্দরবন স্কয়ারের বেজমেন্টে দোকান রয়েছে আবদুর রহমানের। তিনি বলেন, ‘সেলামি দিয়ে ঘর বরাদ্দ নিয়েছি।’ গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান তৈরি করে তা ভাড়া দেওয়ার বিষয়ে মালিক সমিতির কোনো নেতা কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘বিপণিকেন্দ্রের বেজমেন্টে কেন দোকান বসেছে তা খোঁজ নিয়ে দেখবেন।’ তিনি বলেন, সিটি করপোরেশনের অধীনে নতুন যেসব ভবন হচ্ছে, সেগুলোর নকশায় গাড়ি পার্কিংয়ের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গুলশান-১ নম্বর এলাকায় গিয়ে দেখা গেছে, নতুন নির্মিত অনেক ভবনের নিচে নিয়ম অনুযায়ী গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হয়নি। শুধু বেজমেন্টে কিছু গাড়ি রাখার ব্যবস্থা আছে। ফলে এসব ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ফুটপাত ও রাস্তা দখল করে পার্ক করতে হয়।

এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান বলেন, অনেক ভবনে নকশা অনুযায়ী পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয় না। যারা আইন লঙ্ঘন করছে শিগগির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।