৯৫ শতাংশ ক্ষেত্রে দায়ী বেওয়ারিশ কুকুর
দেশে প্রতিবছর দুই হাজারের বেশি মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। আর ৯৫ শতাংশ জলাতঙ্ক রোগ হয় বেওয়ারিশ কুকুরের কামড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের বিনা মূল্যে টিকা দিচ্ছে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল। মরণব্যাধি হিসেবে পরিচিত এ রোগটি নিয়ন্ত্রণে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর নানামুখী পদক্ষেপ নিয়েছে। গতকাল মঙ্গলবার চতুর্থ বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে সরকারি কর্মকর্তরা এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা এই ব্রিফিংয়ের আয়োজন করে। দিনটির এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘একসঙ্গে কাজ করি, জলাতঙ্কমুক্ত দেশ গড়ি’। সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক বায়েজিদ খুরশীদ রিয়াজ বলেন, জলাতঙ্ক মরণব্যাধি হলেও শতভাগ প্রতিরোধযোগ্য। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জলাতঙ্ক-আক্রান্ত কুকুর, শিয়াল, বিড়াল ও বাদুড়ের আঁচড় বা কামড়ে মানুষের র্যাবিস বা জলাতঙ্ক রোগ হয়। এসব প্রাণীর লালায় এ রোগের ভাইরাস থাকে। মানুষের মস্তিষ্কের কাছের অংশ বা মুখমণ্ডল আক্রান্ত হলে ঝুঁকি বেশি। ভাইরাসটি ক্ষতস্থান থেকে দ্রুত মস্তিষ্কে সংক্রমিত হয় এবং স্নায়ুতন্ত্রের নানা রকম জটিল উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় রোগী পক্ষাঘাতগ্রস্ত হয়ে শ্বাস ও হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা যায়। উন্নত বিশ্বে এই রোগের প্রাদুর্ভাব কম বলে এর গবেষণাও কম। এ কারণে এটি একটি অবহেলিত রোগ।খুরশীদ রিয়াজ বলেন, দেশে ৯৫ শতাংশ জলাতঙ্ক রোগ হয় বেওয়ারিশ কুকুরের কামড়ে। তাই এ মরণব্যাধির হাত থেকে রক্ষা পেতে জলাতঙ্ক-আক্রান্ত বেওয়ারিশ কুকুর নিধন করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা ২০২০ সালের মধ্যে জলাতঙ্কমুক্ত দেশ ঘোষণা করতে চাই।’ স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, জলাতঙ্ক নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার উদ্যোগে ১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকা ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার স্বাস্থ্য, প্রাণিসম্পদ ও স্থানীয় সরকার বিভাগের চিকিৎসকদের পুরুষ কুকুর বন্ধ্যাকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার প্রথমবারের মতো ‘ইস্ট্রিল সল’ নামের এক ধরনের ইনজেকশন ব্যবহার করে কুকুর বন্ধ্যাকরণের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোয়াজ্জেম হোসেন বলেন, জলাতঙ্ক রোগের টিকা তৈরির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। রোগনিয়ন্ত্রণ শাখার উপ-ব্যবস্থাপক (কর্মসূচি) অংসুই প্রু মারমা বলেন, ইস্ট্রিল সল দিলে কুকুরের শুক্রাণু বের হওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে কুকুরের বাচ্চা জন্ম দেওয়া বাধাগ্রস্ত হয়। কুকুরের বংশবিস্তার রোধ করা গেলে জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণে থাকবে। তিনি জানান, নিবন্ধন করে কুকুর বন্ধ্যাকরণের জন্য নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ছয়টি ইউনিয়নে পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তা সারা দেশে চালু করা হবে। তিনি বলেন, সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন বিনা মূল্যে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গত ১১ জুলাই থেকে এ পর্যন্ত এই হাসপাতাল থেকে পাঁচ হাজার ৬৬৭ জন আক্রান্ত ব্যক্তিকে বিনা মূল্যে টিকা দেওয়া হয়েছে। এরপর বিভাগীয় শহরে এই টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় বিনা মূল্যে এই টিকা দেওয়া হবে।ব্রিফিংয়ের একপর্যায়ে জলাতঙ্ক রোগনিয়ন্ত্রণ, এই রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ওপর প্রামাণ্যচিত্র সাংবাদিকদের দেখানো হয়। টিকা উৎপাদন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে আন্তর্জাতিক মানের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি স্থাপন ও জলাতঙ্ক রোগের টিকা উৎপাদনে সহায়তা দেবে। গতকাল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমানের ফকিরের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক স্যামলি প্লাইয়াংব্যাংচ্যাং এই সহায়তার আশ্বাস দেন। এ সময় স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বেগম দিলরুবা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রতিনিধি সার্গেই দিয়োরডিৎসা প্রতিমন্ত্রীর দপ্তরে উপস্থিত ছিলেন।