‘সড়ক দুর্ঘটনার আইনটি অজামিনযোগ্য করতে হবে, শাস্তির মেয়াদ বাড়াতে হবে। হামীম শেখ, সাইফ আহমেদ, সম্রাট, মনোয়ার হোসেন, সিলভিয়াদের যারা মেরে ফেলেছে, তাদের ফাঁসি দিতে হবে।’গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ‘ফুয়ারা’ নামক সংগঠনের উদ্যোগে ঢাকা কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। স্বজন হারানো পরিবারের সদস্য সাংসদ তারানা হালিম বলেন, ৯৫ শতাংশেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে শুধু চালকদের খামখেয়ালির কারণে। অথচ বিদ্যমান আইনটি জামিনযোগ্য। এতে চালক ধরা পড়লেও প্রথম দিনই জামিন পাচ্ছেন এবং পলাতক থাকছেন। একটি বাঘ মেরে ফেললে ১০ বছরের বেশি কারাদণ্ডের বিধান থাকলেও গাড়ি চালানোর সময় মানুষ মেরে ফেলার জন্য শাস্তির মেয়াদ তিন বছর। একজনও এ শাস্তি পাননি।তারানা হালিম বলেন, ‘জাতীয় সংসদে নতুন একটি আইন তৈরির জন্য নোটিশ উত্থাপন করেছি। কিন্তু পিছুটানে আটকে গেছে সেটি।’ ১৯ বছরের তরুণ সাইফ আহমেদের বাবা ফুয়ারার আহ্বায়ক ইকরাম আহমেদ বলেন, নিহত সন্তানের হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে।