‘অর্থনৈতিক উন্নয়নে কর্মস্থলের উপযুক্ত পরিবেশ গুরুত্বপূর্ণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রমিকের যথাযথ মূল্যায়ন ও কর্মস্থলের উপযুক্ত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আয়োজিত ‘বাংলাদেশে মানবাধিকার ও মর্যাদাপূর্ণ কাজ’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সংবিধান, বিভিন্ন আইন ও নীতি এবং আন্তর্জাতিক সনদে শ্রমিকের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা এতে সভাপতিত্ব করেন। সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, পুঁজিবাদী অর্থনীতি অনুযায়ী অর্থপ্রবাহ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবাধে চলতে পারে। কিন্তু অদ্ভুত বিষয় মানবসম্পদ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবাধে যেতে পারে না। অথচ করপোরেট কোম্পানিগুলো যেখানে শ্রমের মূল্য কম, সেখানেই তাদের কোম্পানি স্থানান্তরিত করে। শ্রম সস্তায় কেনার প্রতিযোগিতা হলে সেখানে মর্যাদাপূর্ণ শ্রম অবাস্তব। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, মর্যাদাপূর্ণ শ্রম নিশ্চিত করতে হলে সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার দেশীয় পরিচালক আন্দ্রে বগুই, অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর সেমিনারে বক্তব্য দেন।