'আইএইএ বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে'
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, বাংলাদেশকে অনেক গুরুত্ব দিচ্ছে আইএইএ। বাংলাদেশ এই সংস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউকিয়া আমানো এসব কথা বলেন। তাঁর সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। অনুষ্ঠানে ইউকিয়া আমানোর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ইউকিকা আমানো ও আইএইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউকিয়া আমানো বলেন, ‘রূপপুর পাওয়ার প্ল্যান্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।’ ইউকিয়া তাঁর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘আমরা বিভিন্নভাবে তাঁর (ইউকিয়া) প্রতি কৃতজ্ঞ। রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়নে তিনি আমাদের আশা ও উৎসাহ দিয়েছেন।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন সৈয়দা শায়লা আহমেদ। এরপর অন্তর দেওয়ানের পরিচালনায় চাকমা, রাখাইন ও সাঁওতালি নৃত্য পরিবেশন করা হয়। এরপর আবার মঞ্চে আসেন শায়লা আহমেদ ও তাঁর দল। তাঁরা দেশীয় গানের সঙ্গে লোকনৃত্য পরিবেশন করেন।
পরে শিল্পী ইয়াসমিন আলী জাপানি ভাষার গান গেয়ে শোনান। নিজেদের মাতৃভাষায় গান শুনে মুগ্ধ হন বিদেশি অতিথিরা। এরপর ‘শোনো একটি মুজিবরের থেকে’ ও ‘জ্বলে ওঠো বাংলাদেশ’—এই দুটি গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশিত হয়।
শেষে বিদেশি অতিথিদের হাতে উপহারসামগ্রী তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
এদিকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন আইএইএ মহাপরিচালক ইউকিয়া আমানো, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। গতকাল পৃথকভাবে তাঁরা বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেন।