'আকাশ রে তুই আকাশে উইড়া গেলি'
রেহানা বেগম-আবুল হাশেম দম্পতির বড় সাধনার ধন ছিল আকাশ (১৭)। বিয়ের পর তাঁরা এক যুগ নিঃসন্তান ছিলেন। সেই ছেলে গতকাল শনিবার ট্রেন থেকে পড়ে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলের লাশের সামনে বসে মায়ের সে কী আহাজারি, ‘আকাশ রে তুই আকাশে উইড়া গেলি’!
আকাশ গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আকাশের বাবা সড়ক ও জনপথ বিভাগে চাকরি করেন। গাজীপুর চৌরাস্তা এলাকায় সরকারি আবাসনে আকাশ তার বাবা-মায়ের সঙ্গে থাকত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকাশের আত্মীয়স্বজনেরা বলেন, আকাশ গতকাল শনিবার ট্রেনে করে বন্ধুদের সঙ্গে ঢাকায় আসছিল। দল বেঁধে বন্ধুবান্ধবের সঙ্গে বইমেলায় আসার পরিকল্পনা ছিল। ট্রেনটি তেজগাঁও স্টেশনে পৌঁছানোর পরপরই আকাশ ট্রেন থেকে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে একজন পথচারী আকাশকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তার কোনো বন্ধু আসেনি।
ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা-মা গাজীপুর থেকে আসেন। তাঁদের কান্না কাঁদিয়েছে হাসপাতালে উপস্থিত অনেককেই। মা রেহানা বেগম চিৎকার করে বলছিলেন, ‘আকাশ রে, তুই আকাশে উইড়া গেলি। কোন আজরাইলের সঙ্গে আইছিলি, বাপ? একটু বইলা গেলি না! আমারে তুই ক্যামনে ছাইড়া গেলি। কী নিয়া থাকতাম এখন!’