
‘আমার ছেলের জীবন ভিক্ষা চাই। আমি টাকা-পয়সা চাই না। আমার কলিজারে আমার বুকে ফেরত দেন।’ এই আকুতি ইরাকে পাচার হওয়া রুবেল হোসেনের মা বানোয়ারা খাতুনের। ছেলের কথা বলতে বলতেই মূর্ছা গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা বানোয়ারা খাতুন। মায়ের এই কষ্ট ছুঁয়ে যায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে উপস্থিত প্রায় সবাইকে।
ইরাকে পাচার হওয়া ১৮০ বাংলাদেশির স্বজনদের কান্না ও আহাজারিতে গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশের। সংবাদ সন্মেলনে স্বজনেরা কাঁদলেন, কাঁদালেন উপস্থিত প্রায় সবাইকে।
প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের দাবিতে পাচার হওয়া ব্যক্তিদের স্বজনরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে সহযোগিতা করে রাইটস যশোর, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম ও বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ নামের তিনটি বেসরকারি সংস্থা।
পিরোজপুরের তুষখালী ইউনিয়ন থেকে এসেছিলেন জাকিয়া বেগম। ছেলে মো. রুবেলকে গত মে মাসে কাতার পাঠানোর কথা বলে ইরাকে পাচার করা হয়। মিলনায়তনে ঢোকার পর থেকেই কাঁদছিলেন জাকিয়া বেগম। মঞ্চে ছেলের কথা বলতে বলতে জ্ঞান হারান। মঞ্চ থেকে চোখেমুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় তাঁর। জ্ঞান ফিরতেই আবার বিলাপ শুরু করেন, মূর্ছা যান বারবার।
গত সাত মাস থেকে পরিবারগুলো ও রাইটস যশোর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রিক্রুটিং এজেন্সি এবং ইরাকে বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু এসব ব্যক্তিকে ফেরত আনতে পদক্ষেপ না নেওয়ায় এই সংবাদ সম্মলেনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে ইরাক থেকে ই-মেইলে পাঠানো ছবি বড় পর্দায় দেখানো হচ্ছিল। স্বজনেরা বড় পর্দাকে ছুয়েও কান্নায় ভেঙে পড়েন। বড় পর্দায় ছেলে বাদল মোল্লাকে দেখে মা বানেছা বেগম চিৎকার করে ওঠেন: ‘এইডাই আমার বাজান, বাবারে ও বাবা’।
সংবাদ সন্মেলনে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, ভুক্তভোগী পরিবারগুলো থানার ওসি থেকে শুরু করে রাষ্ট্রদূত পর্যন্ত সবার কাছে ধরনা দিয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং আগামী ১৬ ডিসেম্বরের আগেই তাঁদের দেশে ফিরিয়ে আনার সুস্পষ্ট পদক্ষেপ আশা করছি।’