‘উন্নয়ন সংস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে’
বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে গণমাধ্যমের কাজের সম্পর্ক বাড়াতে হবে। এ জন্য উন্নয়ন সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ছাড়া গণমাধ্যমকে উন্নয়ন সংস্থার কাজ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে হবে।গতকাল শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) কার্যালয়ে ‘গণমাধ্যমের চোখে বেসরকারি উন্নয়ন সংস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। গণমাধ্যম ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এ সভার আয়োজন করে। সাংবাদিক ও কলামিস্ট আফসান চৌধুরীর সঞ্চালনায় জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন। আফসান চৌধুরী বলেন, উন্নয়ন সংস্থার সঙ্গে গণমাধ্যমের কাজের সম্পর্ক বাড়াতে হবে। এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ বলেন, উন্নয়ন সংস্থাগুলোকে কাজের ক্ষেত্রে আরও স্বচ্ছ হতে হবে। একমাত্র সব তথ্য প্রকাশের মাধ্যমেই উন্নয়ন সংস্থাগুলো নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে পারে। প্রথম আলোর বার্তা পরামর্শক কুর্রাতুল আইন তাহমিনা বলেন, মানুষকেন্দ্রিক সংবাদের জন্য উন্নয়ন সংস্থাগুলোকে পুরো তথ্য দিতে হবে। ডেইলি স্টার-এর বার্তা সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, মানুষকেন্দ্রিক নানা বিষয়ে গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করতে পারে। ব্র্যাক কমিউনিকেশন্সের পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আয়-ব্যয়ের হিসাবসহ সব বিষয়ে জবাবদিহির জন্য প্রস্তুত ব্র্যাক।’সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর বিশেষ প্রতিনিধি মুনিমা সুলতানা, অনলাইন পত্রিকা জাস্টনিউজবিডি ডটকমের প্রধান বার্তা সম্পাদক সুপ্রীতি ধর, দি ইনডিপেন্ডেন্ট-এর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম, বিডিনিউজের বিশেষ প্রতিনিধি নূরুল ইসলাম হাসিব, ব্র্যাকের মিডিয়া ম্যানেজার জিয়া হাশান প্রমুখ।