‘রাতের বেলায় এখনো যন্ত্রণায় ঘুমাতে পারি না। সারা শরীরে অনেক স্প্লিন্টার। শরীরে ভীষণ যন্ত্রণা হয়।’গতকাল রোববার সকালে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর (উত্তর) শাখার সহসভাপতি তাহমিনা খানম। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আহত শতাধিক নেতা-কর্মীর একজন তিনি। গতকাল এসেছিলেন সেই স্থানে, সাত বছর আগে যেখানে ঘটেছিল ভয়াবহ গ্রেনেড হামলা। আগস্টের সেদিনের স্মৃতি হিসেবেই যেন শরীরে এখনো অসংখ্য স্প্লিন্টার বয়ে চলেছেন তাহমিনা। এসব স্প্লিন্টার প্রতিটি মুহূর্তে জানান দেয় তাদের উপস্থিতি। রাতে ভালোভাবে ঘুমাতে পারেন না। এখনো অনেক রাতে দুঃস্বপ্নে দেখেন সেই নৃশংস ক্ষণটি। তাঁর মতো আরও অনেকেই এখনো শরীরে বহন করে চলেছেন অসংখ্য স্প্লিন্টার।সেই দিনের ঘটনা বর্ণনা করে তাহমিনা বলেন, তিনি ছিলেন আইভি রহমানের (রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) কাছাকাছি। হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। তাঁর দুই পা, হাত ও পিঠে আঘাত লাগে। তাহমিনা জানান, এখনো তাঁকে চিকিৎসা নিতে হচ্ছে। এই আঘাতের পরও নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন তাহমিনা। কারণ সেদিনের হামলায় ২২ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বড় কথা, তাঁদের নেত্রী (শেখ হাসিনা) বেঁচে গেছেন।সেদিন শেখ হাসিনার বক্তব্য শুনতে এসে পায়ে গুরুতর আঘাত পান উম্মে রাজিয়া। এখনো পায়ের গোড়ালি ব্যান্ডেজ করে রাখতে হয়। তাঁর ভাষায়, ‘মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়। ঘুমাতে পারি না।২০০৪ সালের ২১ আগস্টের সেই হামলায় নিহত হয়েছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ জন। আহত হয় কয়েক শ লোক।