‘ওরা দুই জনই আমাগো ছাইড়া চইল্যা গেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেলেটারে এভাবে মেঝেতে শোয়ায় রাখছ কেন? ঘুমায় রইছে, ও তো বিছানা ছাড়া শুইতে পারে না, ওরে ওখান থেকে তুইলা আনো।’ ছেলে শাহরিয়ারের লাশ দেখার পর এসব বলেই বিলাপ করছিলেন তাঁর মা শিরিন সুলতানা।মিরপুর বাঙলা স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার কবির, তার ফুফাতো ভাই সাইফুল ইসলাম ও বন্ধুবান্ধবসহ নয়জন মিলে বেড়াতে গিয়েছিল সিলেটে। গত শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাতে ডুবে মারা যায় শাহরিয়ার, তার ভাই সাইফুল ও বন্ধু মুন্না। সাইফুল এ বছরই ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে।গতকাল শনিবার সকালে মৌলভীবাজার থেকে শাহরিয়ার ও সাইফুলের লাশ ঢাকা আসার পর দুপুরে তাদের দাফন করা হয়। শাহরিয়ারকে মিরপুর ১০ নম্বর ও সাইফুলকে মণিপুরিপাড়ায় কবর দেওয়া হয়েছে।সাইফুলের মা ও শাহরিয়ারের বাবা আপন ভাইবোন। সাইফুল ও শাহরিয়ার দুজনই বাবা-মায়ের একমাত্র ছেলেসন্তান। একসঙ্গে পরিবারের দুই প্রিয়জনকে হারিয়ে দুই বাড়িতে চলছে মাতম। গতকাল শাহরিয়ারের বাড়িতে গেলে তার বাবা ঢাকা সিটি করপোরেশনের কর্মচারী ইকবাল কবিরসহ কয়েকজনের সঙ্গে কথা হয়। জানা গেল, দুর্ঘটনার দিন সকালে শাহরিয়ারের সঙ্গে শেষ কথা হয়েছিল বাবা-মায়ের। সে বলেছিল, ‘তোমাদের জন্য শপিং করছি, আজই বিকেলের মধ্যে চলে আসব।’ কিন্তু দুপুরের পর থেকে আর ফোন ধরেনি সে। শাহরিয়ারের বাবা খেলার জন্য ছেলের পাওয়া একটি পুরস্কার দেখিয়ে বললেন, ‘ও খুব ভালো ক্রিকেট খেলত। এখন কে খেলবে? কে পুরস্কার পাবে?’শাহরিয়ারের মা ছেলের শোকে যেন পাথর হয়ে গেছেন। তাঁর সঙ্গে কথা বলাই গেল না।সাইফুলের পাড়ায় অনেকেই জেনে গেছে তার দুর্ঘটনার কথা। স্থানীয় এক দোকানদারকে বলতেই বাসা চিনিয়ে দিলেন। সাইফুলের বাবা মাহবুবুল হক বাইরে ছিলেন। মুঠোফোনে বললেন, ‘একটাই তো ছেলে, চলে গেল। এই কষ্ট কীভাবে সইব বলতে পারি না।’মা শাহনাজ পারভীন নির্জীব অবস্থায় বিছানায় শুয়ে ছিলেন। কথা বলতে এগিয়ে এলেন দাদি ফিরোজা বেগম। ‘ওরা আমাদের সবাইকে ছাইড়্যা চইল্যা গেল’, কান্নাভেজা কণ্ঠে বললেন তিনি। সাইফুলের ছোট বোন বারিরা ইয়াসমিন ভাইয়ের মৃত্যুতে হতবিহ্বল। বলল, ‘আমি এখন কাকে ভাই বলে ডাকব? বিশ্বাসই হচ্ছে না ভাইয়া নেই।’মাধবকুণ্ড জলপ্রপাতের গভীর কুণ্ডে ডুবে বা ওপরে প্রপাতের উৎস থেকে পড়ে গিয়ে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। জলপ্রপাতে একটি সতর্কীকরণ নোটিশ থাকলেও তা অনেকেই গ্রাহ্য করে না।