‘বাড়ি থেকে বের হওয়ার সময় প্রথম দেখে নিই পকেটে পরিচয়পত্র আছে কি না। কখন যে কী হয়, বলা যায় না। কিছু হয়ে গেলে অন্তত ঘরের মানুষের কাছে সেই খবর পৌঁছুক—এটা চাই, সে জন্য পরিচয়পত্র রাখি।’ কথাগুলো বলছিলেন মো. শাহীন হাওলাদার। হরতালের দিন গতকাল রোববার সকালে রাজধানীর আজিমপুরের সরকারি মাতৃসদন ও শিশুস্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে চায়ের দোকানে বসে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। একটি দেশীয় ওষুধ কোম্পানিতে চাকরি করেন। থাকেন কামরাঙ্গীরচরে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তাঁর উত্তর, ‘খেটে খাওয়া মানুষ আমি রাজনীতির খোঁজ রাখি না। তবে বুঝতে পারছি, দেশের অবস্থা ভালো না।’হরতাল চলাকালে পথচলতি নানা শ্রেণী-পেশা-বয়সের মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেছে, চলমান পরিস্থিতিতে অস্বস্তি আর উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে সবার মধ্যে।রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের ছাত্র রেদোয়ান খানের সঙ্গে কথা হচ্ছিল নিউমার্কেটের সামনে। বিজ্ঞান শাখার ছাত্র রেদোয়ান বলছিলেন, ‘এখন খুব ভয় হয় বাড়ি থেকে বেরোতে। আজ বের হতে বাধা দিচ্ছিল, কিন্তু কোচিংয়ের জন্য আসতে বাধ্য হয়েছি।’ মোহাম্মদপুর-ধানমন্ডি এলাকার ফাস্টফুডের দোকানগুলো থেকে মুরগির গিলা-কলিজা নিয়ে টঙ্গীর রেস্তোরাঁয় বিক্রি করেন জাহেদ আলী। বলছিলেন, ‘এক দল হরতাল ডাকে, আরেক দলে হেইডা বন্দ করতে কয়। এভাবে ঝামেলা বাড়তেছে। মনে লয় আরও বাড়ব।’ গতকাল রাজধানীতে অন্য হরতালের দিনের চেয়ে গাড়ি চলাচল এবং লোকজনের আনাগোনা বেশি থাকলেও কর্মদিবসে যা থাকে, তার চেয়ে অনেক কম ছিল। মোহাম্মদপুরের আদাবরে থাকেন রিকশাচালক মো. ফেরদৌস আলম। বললেন, ‘মানুষ আসলে ভয়েই বাইর হয় না।’ আর এর জন্য ফেরদৌসের কাছে হরতাল প্রায় বিভীষিকার মতো। বলছিলেন, ‘হরতাল হইলে পরথমে বাড়ে জিনিসের দাম। মনে হয় অহন এমন হইতেই থাকব।’ নগরের মগবাজারের মুদি দোকানি আব্রাহাম বিশ্বাস মনে করেন, দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। তবে এ সময়টায় রাজনৈতিক দলগুলোর সংঘাতের চেয়ে ভীতির বড় কারণ পুলিশের হয়রানি। বলছিলেন, ‘ইচ্ছামতো যারেতারে ধরে পুলিশ। আমাগো মতো মাইনষের উভয়সংকট।’ সব মানুষের সাধারণ অনুভূতি, দেশ ভালো চলছে না। বর্তমানের সংকট নিয়ে ভীতি থাকলেও একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত বেনাউল ইসলাম মনে করেন, দেশে একটি ঝড় সৃষ্টি হয়েছে। তবে সব অস্থিতিশীল পরিস্থিতির পর শান্তি তৈরি হয়। আমি নিশ্চিত এবারও তাই হবে। আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বেনাউল শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনকে ‘সত্যের জন্য আন্দোলন’ বলে চিহ্নিত করেন।