গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা বলেছেন, বাণিজ্যমন্ত্রী অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চরম কষ্টে থাকা মানুষকে কম খাওয়ার পরামর্শ দিয়ে নির্মম রসিকতা করেছেন।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে খাদ্যসহ জনজীবনের সংকট সমাধানের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ কথা বলেন। তাঁরা জোট ও মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের আস্থাভাজন বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান।গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা টিপু বিশ্বাস, সাইফুল হক, রাজেকুজ্জামান রতন, জোনায়েদ সাকি, মোশরেফা মিশু, আবদুস সাত্তার, মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাম মোর্চার নেতারা।এ ছাড়া সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার, কম আয়ের মানুষের জন্য রেশনব্যবস্থা চালু, বিদ্যুৎ, গ্যাস, যানজট ও বাসাভাড়া সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়।