‘কেন্দ্রীয় সরকার জনগণকে সব সেবা দিতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, শুধু কেন্দ্রীয় সরকারের পক্ষে জনগণের কাছে সব সেবা পৌঁছানো সম্ভব নয়।গতকাল বৃহস্পতিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। নগর গবেষণাকেন্দ্র ও উন্নয়ন সমন্বয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তাবিষয়ক সংস্থা ইউএসএইডের সহায়তায় এই সম্মেলনের আয়োজন করা হয়। নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে সারা দেশ থেকে স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ‘পৌরসভা পরিচালন বিষয়াদি: মাঠপর্যায়ে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ’ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন নগর গবেষণাকেন্দ্রের স্থপতি পরিকল্পনাকারী সালমা এ শফি। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওপর গবেষণা উপস্থাপন করে উন্নয়ন সমন্বয়ের ড. মাহফুজ কবীর। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্পিকারের রুলিং এবং ওই রুলিংকে অকার্যকর বলে উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিচার বিভাগ ও সংসদের মধ্যে যে ভুল-বোঝাবুঝি হয়েছে, তা দূর করতে উদ্যোগ নেবে আইন মন্ত্রণালয়। আগামী সংসদ অধিবেশন বসার আগেই এ সমস্যার সমাধান করা হবে। শফিক আহমেদ বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যেমন—বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংসদ—একেকটি সংস্থা একেকভাবে কাজ করে। কে কীভাবে কাজ করবে, সে বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল-বোঝাবুঝি হয়, তা আমাদের কাম্য নয়। এ-সংক্রান্ত সমস্যার সমাধান দ্রুত হওয়া উচিত।’অনুষ্ঠানে বক্তৃতা করেন মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক শামিম আল রাজি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ফয়জুর রহমান ফকিরসহ স্থানীয় সরকার বিশেষজ্ঞরা।