‘কোল থেকে নামতে চায় না শিশুটি’
শুকনো মুখ, রুক্ষ চোখ আর হাড়জিরজিরে শরীর। অনাহার-অপুষ্টির চিহ্ন সর্বত্র। কঙ্কালসার এ শিশুটি পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডের বিছানায়। পাশে কেউ নেই। কে তার স্বজন তা-ও কেউ জানে না। উদ্ধারের পর পুলিশ শিশুটিকে নিয়ে এসেছে। সেই থেকে ঠাঁই হয়েছে হাসপাতালে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় খুবই অসুস্থ ছিল শিশুটি। প্রথমে তাকে পাঠানো হয় তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে। গত শুক্রবার সকালে আনা হয় ঢাকা মেডিকেলে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান বলেন, পাগল প্রকৃতির এক নারী দুই বছর বয়সের এ শিশুকে মতিঝিলে ফেলে যায় বলে স্থানীয়রা জানায়। ওই নারীর আর দেখা মেলেনি। তার নাম-ঠিকানা কিছুই পাওয়া যায়নি। হাসপাতালে পুলিশ সদস্য রূপালী আকতার বলেন, বাচ্চাটিকে দেখভালের জন্য দুই পালায় চার নারী পুলিশ দায়িত্ব পালন করছে। কিন্তু মায়ের অভাব কী আর পূরণ করা যায়? হাসপাতালে আরেক শিশুর মা বললেন, ওর কেউ নেই, কিছু নেই। মানুষ দেখলেই কোলে উঠতে চায়। একবার উঠলে আর নামতে চায় না।ওয়ার্ডের সহকারী নিবন্ধক (ইউনিট-৩) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, শিশুটি মারাত্মকভাবে পুষ্টিহীনতায় ভুগছে। পুষ্টিহীনতা সারতে দীর্ঘমেয়াদি চিকিৎসা দিতে হবে।