ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাইরের ৬৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এ ভর্তি পরীক্ষায় মোট ৪১ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন।পরীক্ষার্থীদের আসনবিন্যাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে। নিজ আসনের অবস্থান জানতে চাইলে http://kaunit.univdhaka.edu ওয়েবসাইটে অথবা মুঠোফোন থেকে ১৬৩২১ নম্বরে এসএমএস করে জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার ফলও একইভাবে জানা যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কাল বিকেল সাড়ে তিনটায় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ সময় সব পরীক্ষার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নিবন্ধন কার্ড ও এর একটি ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির পেছনে পরীক্ষার্থীর নাম ও ক্রমিক নম্বর লিখে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।কর্তৃপক্ষ পরীক্ষার হলে দুই অংশবিশিষ্ট ছাপানো প্রবেশপত্র সরবরাহ করবে। এক অংশ শিক্ষার্থীকে দেওয়া হবে এবং অপর অংশটি কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।