‘খাদ্য অধিদপ্তরের জরুরি কাজে নিয়োজিত’ ভ্যানের গোপন বাক্সে ফেনসিডিল!
কাভার্ড ভ্যানের সামনে একটি সাদা কাগজে লেখা ‘খাদ্য অধিদপ্তরের জরুরি কাজে নিয়োজিত’। আর কাভার্ড ভ্যানের ভেতরে তৈরি করা হয়েছে একটি গোপন বাক্স। দেখে বোঝার উপায় নেই, ওই বাক্সে হাজার হাজার বোতল ফেনসিডিল বহন করে নিয়ে আসা হয়েছে ঢাকায়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলেছে, গত রোববার রাতে কাকরাইল এলাকায় ওই কাভার্ড ভ্যান থেকে ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে তারা। মাদক বহন ও ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয় চারজনকে। ওই কাভার্ড ভ্যানসহ একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মাসুদুর রহমান (২৫), সোহাগ বেপারী (৩০), সেলিম জাবেদ (৩৫) ও কবির হোসেন (২৫)। গতকাল রাজধানীর মিন্টু রোডে পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘ফেনসিডিলগুলো যশোর সদরের বেনাপোল থেকে আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল ঢাকার বিভিন্ন মাদক ক্রেতার কাছে সরবরাহ করা। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রোববার রাত আটটার দিকে রমনা থানার কাকরাইল মসজিদের পূর্ব দিকে অভিযান চালায়। এ সময় ফেনসিডিলের বোতলগুলো কাভার্ড ভ্যান থেকে মাইক্রোবাসে তোলা হচ্ছিল। ডিবি পুলিশ তখনই চারজনকে গ্রেপ্তার করে।মশিউর রহমান বলেন, বেনাপোলের অন্যতম মাদক ব্যবসায়ী দাদা ভাই নামের এক ব্যক্তি এর মূল হোতা। দাদা ভাই ছদ্মনাম হলেও তাঁর আসল পরিচয় জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঢাকার ক্রেতা হিসেবে ইসমাইল, ফারুক, মামুনসহ কয়েকজনের নাম বলেছেন। ইসমাইল ও ফারুককে মাদক ব্যবসার অভিযোগে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা জামিনে বের হয়ে পুরোনো ব্যবসায় ফিরে যান। তা ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।রাজধানীর মিন্টু রোডে ডিবির কার্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, সেখানে এক জায়গায় রাখা আছে কাভার্ড ভ্যানটি। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে ও বস্তায় রাখা আছে ফেনসিডিলের বোতলগুলো। প্রায় এক ফুট ফাঁকা করে ভেতরে তৈরি করা হয়েছে গোপন বাক্স। কয়েকটি বস্তার ওপরও ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা আছে।পুলিশ কর্মকর্তারা বলেন, শুধু খাদ্য অধিদপ্তর নয়, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার ঝুলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধীরা ঢাকা ও ঢাকার বাইরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধকর্ম করছে। পুলিশ কর্মকর্তারা বলেন, দেশে গাড়িতে বিভিন্ন স্টিকার লাগানোর যে অঘোষিত প্রথা চলে আসছে, তা থেকে বের হয়ে আসা উচিত।