‘খালেদাকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে’
রোডমার্চসহ বিভিন্ন জনসভায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি মুক্তিযুদ্ধকেই অস্বীকার করেছেন। যুদ্ধাপরাধীদের রক্ষায় সহযোগিতাকারী হিসেবে তাঁকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে।গতকাল মঙ্গলবার সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত ‘নিজামী-মুজাহিদ যুদ্ধাপরাধী না হলে যুদ্ধাপরাধী কে? খালেদা জিয়া জবাব দেবেন কি?’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মেনে নেয়নি, তারাই যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা চালাচ্ছে। সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যসচিব হারুন উর রশীদ বলেন, ‘খালেদা জিয়া এত দিন বলে এসেছেন, তাঁর স্বামী জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যদি মুক্তিযুদ্ধই না হয়, তাহলে তাঁর স্বামী কার বিরুদ্ধে যুদ্ধ করলেন?’নারীনেত্রী রোকেয়া কবীর বলেন, যুদ্ধাপরাধী কারা, তারা কী কাজ করেছিল, তা তখনকার গণমাধ্যমের খবর দেখলেই স্পষ্ট হয়ে যায়। নারীসমাজের ভোট পেতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।