‘খ্যাটে খাওয়া মানুষ হরতাল চায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাতটা নাগাদ জড়ো হন তাঁরা। বেশির ভাগের পেশা দিনমজুরি। এ ছাড়া আছে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি। রাজধানীর পান্থপথের চার রাস্তার মোড়ে তাঁরা বসে থাকেন। শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদেরকে কাজের জন্য নিতে আসে লোকজন। দরদাম মিটিয়ে দিনের শ্রম বিক্রির জন্য চলে যান তাঁরা। সকাল নয়টা পর্যন্ত চলে এই দরদাম। এর মধ্যে বেশির ভাগেরই কাজ জোটে। কিন্তু হরতালের দিন এলেই শুরু হয় বিপত্তি।গত রোববার ছিল সরকারি ছুটির দিন। সেদিন কাজ জোটেনি ইব্রাহীম হোসেনের। বগুড়ার শেরপুরের কোহিতকূল গ্রামের বাসিন্দা ইব্রাহিম চার সন্তানের জনক। গ্রামে দুই বিঘা জমি আছে। বোরো আবাদের পর এখন হাতে কাজ নেই। মাস খানেক আগে কাজের জন্য এসেছেন রাজধানীতে। প্রতি মাসে তিন হাজার টাকা পাঠাতে হবে। কিন্তু গতকাল সোমবারও কাজ জুটল না তাঁর। বললেন, ‘হরতালে গেরস্ত ঘর থ্যাকা ব্যার হবার চায় না। তাই কাজ কম্যা যায়। এভাবে পত্তিদিন হরতাল দিলে আমরা বাঁচমু কেমনে।’ইব্রাহীমের মতো দিনমজুর এই মানুষগুলো বাড়ি ভাঙা, রড টানা, পাথর টানা, ইট টানা, মাটি কাটা ইত্যাদি পাঁচমিশালি কাজ করেন। কোনো কাজেই আপত্তি নেই তাঁদের। কিন্তু হরতালে খেটে খাওয়ার পথ বন্ধ হতে বসেছে। দিনমজুর হাতেম আলী বলছিলেন, ‘গরিব মানুষ খাইট্যা খামু, হরতাল তো হাত-পা বাইন্ধ্যা দেয়। কোনো কাজ করবার পারি না।’ জামালপুরের ঘোড়ারকান্দা গ্রামের এই বাসিন্দা ভাগি ফসল করেন। ঢাকাতে আছেন তিন বছর হলো। প্রতিদিন খাওয়ার খরচ দেড় শ টাকা, থাকার ভাড়া মাসে ৫০০। থাকেন কাঁঠালবাগান বস্তির একটি মেসে। প্রতিদিন কাজ থাকলে ৪০০ টাকা পান। হরতালে কাজ না জুটলে জমা টাকা ভেঙে খাওয়া ছাড়া আর উপায় নেই। হরতালের দিন শ্রমের দামও যায় কমে। সাধারণ দিনে একজন দিনমজুর যেখানে ৪০০ টাকা হাঁকতে পারেন, সেখানে গতকাল দেখা গেল ৩০০ টাকার ওপর উঠছে না দর। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কীর্তনতাড়ি গ্রামের দিনমজুর তহর আলীর প্রশ্ন, ‘গরিব মারার এই কারবার (হরতাল) বন্ধ হবি কবে, বলবার পারেন?’ প্রায় নিঃস্ব এই মানুষগুলো তাঁদের কষ্টের জন্য অবশ্য ভাগ্যকেই দায়ী করেন। পটুয়াখালীর বাউফলের সাবুপুরা গ্রামের নূর আলম পাঁচ সন্তানের জনক। স্ত্রীসহ ঘরে খানেওয়ালা আটজন। এদের মুখে ভাত দিতে পেশায় রাজমিস্ত্রি আলমকে মাসে পাঠাতে হয় ১২ হাজার টাকা। গতকাল কাজ না জোটা মানুষের দলে ছিলেন তিনিও। বেজায় ক্ষিপ্ত তিনি রাজনৈতিক দলগুলোর ওপর। বলছিলেন, ‘খ্যাটে খাওয়া মানুষ হরতাল চায় না। দলের ব্যাজ পরে যারা ঘোরে, আর দলের নামে চান্দাবাজি করে, হ্যারা চায় হরতাল।’