ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সকাল ১০টায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার আসন বিন্যাস করে তালিকা প্রকাশ করেছে। এই অনুষদে এবার ৬৪৫ আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৭টি ফরম বিক্রি হয়েছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আসনের বিপরীতে ১৩ জন ভর্তি যুদ্ধে অংশ নেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ সংখ্যাটি হবে প্রতিআসনে ৩৯ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের মূল পরীক্ষার প্রবেশপত্র, পে-ইন স্লিপের অনুলিপি ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের মূল পরীক্ষার প্রবেশপত্র, প্রবেশপত্রের একটি অনুলিপি ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিয়ে আসতে হবে।