ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আরও কয়েকটি বিভাগে শূন্য আসনে ভর্তির জন্য সাক্ষাৎকার নেবে কর্তৃপক্ষ। ২০ জানুয়ারি বৃহস্পতিবার কলা অনুষদের ডিনের কার্যালয়ের নিচতলায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।ডিনের কার্যালয় সূত্রে জানা যায়, ২৪০১ থেকে ৪৭৩৭ পর্যন্ত মেধাক্রমের প্রার্থীদের মধ্য থেকে বাংলা, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, বিশ্বধর্ম ও সংস্কৃতি এবং সংস্কৃত ও পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগে কিছুসংখ্যক আসন পূরণের জন্য এই সাক্ষাৎকার নেওয়া হবে। তবে যেসব প্রার্থীর উচ্চমাধ্যমিকে সংস্কৃত ও পালি বিষয়টি ছিল অথবা আদ্য পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাই সংস্কৃত ও পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগে ভর্তির জন্য সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে সংস্কৃত, পালি বা আদ্য পরীক্ষায় ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।এদিকে সংগীত বিভাগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ১৯ জানুয়ারি বুধবার থেকে এবং নাট্যকলা বিভাগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৩ জানুয়ারি রোববার থেকে শুরু হবে।কলা অনুষদের ডিন সদরুল আমিন প্রথম আলোকে বলেন, যে মুহূর্তে বিভাগগুলোর নির্ধারিত আসন পূর্ণ হবে, সেই মুহূর্তে সাক্ষাৎকার গ্রহণ বন্ধ হয়ে যাবে।