গৃহকর্মী নির্যাতন বন্ধে নতুন আইন প্রয়োজন। সেই আইনে থাকবে গৃহকর্মীদের কর্মঘণ্টা, তাদের বয়স, বেতনসহ অন্যান্য সুবিধা, ছুটি ইত্যাদি বিষয়।এমন প্রস্তাব করে গৃহকর্মী নির্যাতন বন্ধে সরকারের কাছে নতুন আইন তৈরির অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে মতিঝিল থানা নারী কমিউনিটি পুলিশের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেনজীর আহমেদ ওই প্রস্তাব দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, পাড়ায় পাড়ায় নারী কমিউনিটি পুলিশের মাধ্যমে উঠান বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করা হলে গৃহকর্মী নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ কাজ হবে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মামলা-মোকদ্দমা করে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বিভিন্ন অধর্তব্য অপরাধের মীমাংসা করে দিয়ে মামলা এড়ানো সম্ভব।ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন বলেন, পারিবারিক সমস্যা, গৃহকর্মী নির্যাতন বন্ধে জোরালো ভূমিকা পালন করতে পারে নারী কমিউনিটি পুলিশ।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ে নারীদের অংশগ্রহণ মতিঝিলেই প্রথম। এটা ঢাকার ও দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।