‘গ্রাহকদের মামলা দিয়ে হয়রানি করছে ইউনিপেটুইউ’
কথিত বহু ধাপভিত্তিক বিপণন কোম্পানি (এমএলএম) ইউনিপে টুইউতে বিনিয়োগ করা টাকা ফেরত দেওয়ার দাবিতে আন্দোলনরত গ্রাহকদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সংগঠন ইউনিপে মেম্বার্স ক্লাব গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে। একই সঙ্গে আন্দোলনকারী গ্রাহকের বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহার ও তাঁদের বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার দাবি করা হয়। সম্মেলনে সংগঠনের যুগ্ম সম্পাদক মাজহারুল মোরশেদ অভিযোগ করেন, ইউনিপেটুইউর উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের ও কর্মকর্তা রফিকুল ইসলাম বিভিন্ন ব্যক্তিকে দিয়ে সম্প্রতি জামালপুর ও ঢাকার মতিঝিল থানায় ইউনিপে মেম্বার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছেন। এরপর এঁদের গ্রেপ্তার করতে পুলিশ বেশ তৎপর হয়ে ওঠে। অথচ আবু তাহের ও রফিকের বিরুদ্ধে ৩০টি মামলা হয়েছে। কিন্তু পুলিশ তাঁদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।সংবাদ সম্মেলনে বলা হয়, বিনিয়োগ করা টাকা ফেরত পেতে গ্রাহকেরা দেড় বছর ধরে দেন-দরবার ও আন্দোলন করে আসছেন। সরকার তদন্তের নামে ইউনিপেটুইউর ৪২১ কোটি টাকা জব্দ করে রেখেছে। ২০ মাস পার হয়ে গেলেও গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেয়নি সরকার।