‘গ্রেনেড’ উদ্ধার, পরে নিষ্ক্রিয় করল ডিবি
রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনের সড়কের পাশের ফুটপাথ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে একটি ‘গ্রেনেড’ উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, এক পথশিশু রূপসী বাংলার উল্টোদিকে নির্মাণাধীন ভবনের দেওয়ালসংলগ্ন ফুটপাতের গর্তে বোমাসদৃশ বস্তুটি দেখে টহল পুলিশকে জানায়। পরে তারা এসে এটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে। এরপর এটিকে প্রথমে কপিকলের সাহায্যে বিশেষ কৌশলে রাস্তার ওপরে নিয়ে আসা হয়। সেখানে বালির বস্তা দিয়ে গ্রেনেডটির চারপাশে দেয়াল তৈরি করা হয়। বিকেল চারটা ৪০ মিনিটে দূর নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে এটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি গ্রেনেড। এর গায়ে ‘২০০৯’ লেখা ছিল। বিস্ফোরিত গ্রেনেডটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরই বোঝা যাবে এটি কোন ধরনের ও কী মাত্রার গ্রেনেড ছিল। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের সঙ্গে এই গ্রেনেড পেতে রাখার কোনো সম্পর্ক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, গ্রেনেডটি বেশ পুরোনো। কে বা কারা এটি সেখানে রেখেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।এখান থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চের দূরত্ব কয়েক শ গজ। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বলছেন, এ ধরনের গ্রেনেড ফাটলে প্রাণহানি ঘটার সম্ভাবনা প্রবল।এদিকে গ্রেনেড পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার উৎসুক মানুষ রূপসী বাংলা ক্রসিংয়ে জড়ো হয়। এর আগেই বন্ধ করে দেওয়া হয় রাস্তা। উপস্থিত জনতা এই বোমা পেতে রাখার জন্য শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন।