'ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম, খুনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, বর্তমানে মানুষ ঘরে থাকলে খুন হচ্ছে। বাইরে গেলে গুম হচ্ছে। এ অবস্থার অবসান চান তাঁরা।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘গুমরাজ্যে প্রত্যাবর্তন গণতন্ত্রের শবযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সরকার গুম, খুনের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। রাষ্ট্রীয় শক্তি পরিকল্পিতভাবে খুন ও গুমের রাজত্ব তৈরি করেছে। জনবিচ্ছিন্ন ক্ষমতাসীন সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে এ ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ করেন নোমান।

সরকার যে সন্ত্রাস ও নির্যাতন করছে, এর প্রতিবাদে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ দেশে গুম, খুনের ঘটনা নতুন নয়। স্বাধীনতার পর থেকেই গুম, খুন চলে আসছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, গুম, খুন অবসানে বিরোধী দলের অনেক বেশি দায়িত্ব রয়েছে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি একাংশের চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া প্রমুখ।