
প্রায় প্রতিদিন সন্ধ্যায় কারওয়ান বাজারে সিএ ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে ফুটপাতের ধার ঘেঁষে চোখে পড়বে নানা বয়সী মানুষের ছোটখাটো জটলা। সেখানে গেলে দেখা যাবে, বিক্রি হচ্ছে ঝালমুড়ি। বিক্রেতা মোহাম্মদ নান্নুর এতটুকু অবসর নেই। ক্রেতার পছন্দমাফিক মুড়ি মাখিয়ে চলেছেন তিনি।
সম্প্রতি কথা হয় মোহাম্মদ নান্নুর সঙ্গে। মুড়ি বিক্রি করতে করতেই তিনি জানালেন, এই জায়গাতেই ১০ বছরের বেশি সময় ধরে মুড়ি বিক্রি করছেন তিনি।
নান্নু জানালেন, ১৬-১৭ বছর আগে পিরোজপুর থেকে ঢাকায় আসেন তিনি। প্রথমে কেরানীগঞ্জের একটি পাটকলে চাকরি নেন। কিন্তু বাঁধাধরা চাকরি ভালো লাগেনি তাঁর। পরে মুড়ি বিক্রিকেই পেশা হিসেবে নেন তিনি। তাঁর ভাষায়, ‘চাকরিতে পোষায় না। স্বাধীন ব্যবসাই ভালো।’
মোহাম্মদ নান্নুর ঝালমুড়ির বেশ কদর। কারওয়ান বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অনেকেই তাঁর মুড়ির নিয়মিত ক্রেতা। তাঁর মাখানো মুড়ি কিনতে পথচলতি মানুষের ভিড়ও কম থাকে না। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে বেচা-বিক্রি।
নান্নু বলেন, ‘প্রতিদিন তিন কেজি মুড়ি আর তিন-সাড়ে তিন কেজির মতো ছোলা ভুনা কইরা আনি। বেশির ভাগ মানুষ মাখানো মুড়ি খাইতে পছন্দ করলেও অনেক কাস্টমার আলাদা কইর্যা ভুনা ছোলা খাইতে চায়। যারা দাঁড়ায়া খাইতে চায় না, তাগোর জইন্য প্যাকেটের ব্যবস্থা আছে।’
নান্নুর মুড়িমাখায় ছোলার বাইরে ব্যবহার করা হয় চানাচুর, সালাদ, বিটলবণ, সেদ্ধ আলু ও বিশেষ পদ্ধতিতে বানানো এক প্রকারের মসলা। তাঁর মতে, মাখানো মুড়ির আসল স্বাদ এই মসলার মধ্যেই। জিরা, দারুচিনি, এলাচ, কালিজিরাসহ আরও কয়েক প্রকারের মসলা একসঙ্গে বেটে সরিষার তেলে মিশিয়ে এই মসলা তৈরি করা হয়।
নান্নু জানালেন, প্রতিদিন আড়াই-তিন ঘণ্টার মধ্যেই তাঁর ছোলামুড়ি শেষ হয়ে যায়। বিক্রি হয় ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। গড়ে ৩০০ টাকা লাভ থাকে।
এই টাকাতে সংসার চলে? নান্নু বলেন, ‘তা কী কইর্যা সম্ভব? তেজতুরী বাজারে একটা মেসে দুই বেলা বাসা থেইক্যা রান্না করা খাবার জোগান দিই। তাতে প্রতিদিন ৫০০ ট্যাকার মতো লাভ থাকে।’
নান্নু জানালেন, রান্নার কাজে স্ত্রীর সাহায্য পান। আর কাঁচাবাজার করা থেকে রান্না করা খাবার মেসে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁর।
নয় বছর বয়সী মেয়ে আর তিন বছরের ছেলেকে নিয়ে নান্নুর সংসার। থাকেন তেজতুরী বাজারে। মেয়েটি স্কুলে যায়। স্ত্রী ঘরের কাজ সামলান।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে নান্নু বলেন, ‘মার্কেটে একটা ছোট্ট দোকান দেওনের শখ আছে। হের লাইগ্যা ট্যাকা জমাইতাছি।’