‘চিরতরে ছুটি পেল আমার বাচ্চাটা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচি হাতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ কবিতা। খাতায় কবিতাটি লিখে বিরতিতে খেলতে ক্লাস থেকে বের হয়েছিল যুবায়ের আহমদ। পরের ঘটনা সবার জানা। নির্মাণাধীন শ্রেণীকক্ষের দেয়ালচাপায় মৃত্যু হয় তার।গতকাল বৃহস্পতিবার দক্ষিণ বনশ্রীতে যুবায়েরের বাসায় গেলে তার বাবা মনিরুজ্জামান খাতাটি হাতে নিয়ে কবিতাটির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘চিরতরে ছুটি পেল আমার বাচ্চাটা। আর ফিরবে না সে।’ গত মঙ্গলবার খিলগাঁওয়ের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে শ্রেণীকক্ষের দেয়াল চাপা পড়ে মারা যায় প্রথম শ্রেণীর ছাত্র যুবায়ের। আহত হয় সহপাঠী এইচ এম উল্লাস ও আশরাফুল হক। ঘটনার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন নিহত ও আহতের স্বজনেরা। এদিকে এ ঘটনায় গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিন শিক্ষক নিয়ে তদন্ত কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (মাধ্যমিক) আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবহেলার অভিযোগ থাকা সত্ত্বেও থানায় অপমৃত্যু মামলা হয়েছে। খিলগাঁও থানার সেকেন্ড অফিসার আবু সাইদ বলেন, লিখিত অভিযোগ না করায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করার অভিযোগে রাজউক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক এমদাদুর রহমান বলেন, ‘অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা আমি জানি না।’যুবায়েরের বাসায় দেখা যায়, একটি ঘরে টেবিলের ওপর সাজানো বই-খাতা। পাশে ঠোঙাভর্তি খেলনা। খেলনা বলতে ভাঙা পুতুল ও টর্চলাইট, স্ক্রু ড্রাইভার, কার্টন দিয়ে বানানো কবুতরের বাসা, ব্যাটারি, সার্কিটসহ অসংখ্য যন্ত্রাংশ। সেগুলো হাতে নিয়ে কাঁদছিলেন মনিরুজ্জামান। কাঁদছিল বোন তাসনীম জামানও। মা জয়নব রহমান অপলক তাকিয়ে ছিলেন খেলনাগুলোর দিকে। এদিকে যুবায়েরের মৃত্যুতে শোক ও অপর দুই আহত ছাত্রের সুস্থতা কামনা করে বিদ্যালয়ের ফটকের সামনে কালো পতাকা ও ব্যানার টানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।