'জলাবদ্ধতার সমস্যা থাকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন শামীম হাসান। এর আগেও তিনি দুই দফায় এই দায়িত্ব পালন করেছেন। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: আপনার ওয়ার্ডের বাসিন্দারা তো জলাবদ্ধতার কারণে খুব ভোগান্তিতে আছেন। এটা তো বেশ পুরোনো সমস্যা। এর থেকে উত্তরণের জন্য আপনার কী পরিকল্পনা আছে?

কাউন্সিলর: এটা সত্য যে জলাবদ্ধতা এই ওয়ার্ডের খুব পুরোনো ও প্রধান সমস্যা। গত দুই বছরে নতুন করে কিছু পয়োনালা নির্মাণ করা হয়েছে। কিছু এলাকায় এটি নির্মাণের পরিকল্পনা থাকলেও দরপত্রবিষয়ক জটিলতার কারণে তা পিছিয়ে গেছে। তবে এ কথা বলতে পারি যে ২০১৮ সালের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমাদের প্রধান টার্গেট সেটাই।

প্রথম আলো: ওয়ার্ডের আর এমন কোনো সমস্যা আছে, যা আপনি কাটিয়ে উঠতে পারছেন না?

কাউন্সিলর: এই ওয়ার্ডের অধিকাংশ সড়ক খুবই সরু। কিন্তু এটা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সড়কগুলো প্রশস্ত করার কাজ হাতে নেওয়াটা কঠিন। কিন্তু যত কঠিনই হোক, ফার্মগেট থেকে হলিক্রস রোড হয়ে বিজয় সরণি-তেজগাঁও ওভারপাসের নিচ দিয়ে যাওয়া সড়কটি প্রশস্ত করা দরকার। কারণ, এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। এত সরু সড়ক এই চাপ নিতে পারে না।

প্রথম আলো: অন্য সড়কগুলোরও তো বাজে অবস্থা। এটা নিয়ে কিছু বলবেন?

কাউন্সিলর: চলতি অর্থবছরে প্রধান সড়কগুলো সংস্কারের পরিকল্পনা আছে।

প্রথম আলো: দুই বছরে ওয়ার্ডে কত টাকার কাজ হয়েছে?

কাউন্সিলর: পাঁচ-ছয় কোটি টাকার কাজ হয়েছে। চলতি বছরে আরও চার-পাঁচ কোটি টাকার কাজ হবে।