জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আখ্যায়িত ‘জামায়াতপন্থী’ শিক্ষক মো. বখতিয়ার রানাকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছে প্রশাসন। গতকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। জানা যায়, গত মে মাসে এক বৈঠকে ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনের সহাবস্থান দাবি করে গণতন্ত্রচর্চার আহ্বান জানালে ওই শিক্ষককে ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেন। তাঁরা ওই শিক্ষককে ‘জামায়াতপন্থী’ আখ্যায়িত করে তাঁর পদত্যাগের দাবি করেন। দাবির মুখে প্রশাসন তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে ওই শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’ তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একাধিক সূত্র জানায়, তথ্যানুসন্ধান কমিটির প্রধান বিব্রত হয়ে এ বিষয়ে তদন্ত করতে অপারগতা প্রকাশ করেছেন। কমিটির অন্য সদস্যরাও কাজ করেননি। তাঁরা কোনো প্রতিবেদনও দেননি। ছাত্রলীগের নেতাদের চাপে পড়েই উপাচার্য এই সিদ্ধান্ত নেন। তথ্যানুসন্ধান কমিটির প্রধান অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘কমিটির বিষয়ে লিখিতভাবে আমাকে কিছু জানানো হয়নি। তাই আমি কাজ করিনি।’ মো. বখতিয়ার রানা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বলেন, ‘আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রশাসনের এ ধরনের একতরফা সিদ্ধান্ত দুঃখজনক।’ইতিপূর্বে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন বলে দাবি করেন।