‘জামায়াতের পাতা ফাঁদে পা দেবেন না’
জামায়াতের পাতা ফাঁদে পা না দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার ও জামায়াতকে নিষিদ্ধের দাবির সঙ্গে সোচ্চার হওয়ার জন্য ইসলামি দল, আলেম-ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।গতকাল শনিবার জাসদের কার্যালয়ে দলটির জাতীয় কমিটির সভা থেকে এই আহ্বান জানানো হয়।জাসদের সভা থেকে বলা হয়েছে, মানবতাবিরোধীদের বিচার ইসলামবিরোধী নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার পদক্ষেপ মাত্র। জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। জামায়াতে ইসলামী মানে মওদুদীবাদী একটি রাজনৈতিক দল। গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে জনগণের সামনে এই বক্তব্য তুলে ধরতে হবে। একই সঙ্গে জামায়াত যাতে দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন ইসলামি দল ও সংগঠনকে বিভ্রান্ত করে দলে ভেড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। জামায়াতের দোসর হিসেবে গণতান্ত্রিক রাজনীতি থেকে প্রধান বিরোধী দল বিএনপিকেও বর্জনের স্লোগান তোলার আহ্বান জানানো হয় জাসদের সভা থেকে।সভায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।কর্মসূচি: জাসদের সভায় জামায়াতসহ প্রতিক্রিয়াশীলদের তাণ্ডবের প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ, ৩ মার্চ সারা দেশে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু, ১৪ মার্চ জামায়াত-শিবিরবিরোধী দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।