'জিহাদি জন' নামে প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. নাহিদ হাসান
মো. নাহিদ হাসান

‘জিহাদি জন’ পরিচয় দিয়ে ইন্টারনেটে আইএসের নামে প্রচার চালানোর অভিযোগে গত মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেট এলাকা থেকে মো. নাহিদ হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁর কাছ থেকে একটি দামি মুঠোফোন উদ্ধার করা হয়। গতকাল বুধবার তাঁকে দুদিনের রিমান্ডে নিয়েছে ডিবি।
গতকাল মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলামিক স্টেট-দাওলা আল ইসলামিয়া নামের একটি পেজ চালাতেন নাহিদ। আইএসের নামে যেসব দায় স্বীকার করা হতো, তা বাংলায় অনুবাদ করে তিনি তাঁর ফেসবুক আইডি থেকে প্রকাশ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উসকানিমূলক বক্তব্য’ প্রচারের কথা স্বীকার করেছেন। নাহিদ তাঁর ফেসবুকে ‘খালিদ বিন ওয়ালিদ’ ও ‘জিহাদি জন’ নাম ব্যবহার করতেন এবং ‘আর্মি ক্যাপ্টেন অব খিলাফত’ নামে নিজের পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করতেন।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, নাহিদ এর আগে ‘শিয়া কাফের’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন ছিলেন, যেখানে শিয়া সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রচার করা হতো। তিনি নিজে ধর্ম পালন করেন না। তাঁর সঙ্গে থাকা মুঠোফোন জব্দ করে বেশ কিছু অশ্লীল ভিডিও পেয়েছে ডিবি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির কর্মকর্তা মনিরুল বলেন, বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নেই, এর কোনো অস্তিত্ব নেই। নিষিদ্ধঘোষিত কিছু জঙ্গি সংগঠনের কর্মীরা বিচ্ছিন্নভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিম দ্বিধাবিভক্ত, জেএমবি, হিযবুত তাহ্রীর, হরকাতুল জিহাদ রয়েছে। এসব সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা কারাগারে রয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জিহাদি জনকে হত্যা করার পর জিহাদি জন নামে যত ফেসবুক আইডি আছে, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
নাহিদকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।