‘জ্বালানি খাত বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা চলছে’
সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতকে মুনাফা অর্জনের খাত হিসেবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতীতের সরকারগুলোও তাই করেছে। সে জন্য তারা অঘোষিত একটি ‘পথনকশা’ বা রোডম্যাপ অনুযায়ী কাজ করেছে। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি কতটা যৌক্তিক’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ বলেন, দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থরক্ষা এবং জ্বালানি খাতে সরকারের পরিকল্পনাহীনতার কারণে বিদ্যুৎসংকট চলছে। যথাসময়ে গ্যাস খাতের উন্নয়ন এবং বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো নবায়ন ও মেরামত করলে দেশে কম দামে বিদ্যুৎ উৎপাদন করা যেত। তিনি সাম্রাজ্যবাদী শক্তি ও বহুজাতিক কোম্পানির হাত থেকে দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জ্বালানি খাতকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার জন্য নব্বইয়ের দশকে একটি অঘোষিত পথনকশা গ্রহণ করা হয়েছে। সরকারগুলো সেই নকশা অনুযায়ীই কাজ করে যাচ্ছে। এই নকশার মূল উদ্দেশ্য গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে নিজেদের মুনাফা নিশ্চিত করা। বর্তমান সরকার এই পথে দ্রুত হাঁটতে গিয়ে একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়েছে। বি ডি রহমত উল্লাহ বলেন, বিদেশি প্রভু ও তাদের এদেশীয় এজেন্টদের খুশি করার জন্য রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর দায় জনগণ বহন করবে না। তিনি কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কল্লোল মোস্তফা। তিনি জানান, গ্যাসের বদলে তরল জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কম দামে গ্যাস উৎপাদন না করা এবং বহুজাতিক কোম্পানি থেকে বেশি দামে গ্যাস কেনার কারণে বিদ্যুতের দাম বাড়ছে।সিপিবির নেতা রুহিন হোসেন বলেন, বিদ্যুতের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে। উৎপাদিত পণ্যের দাম বাড়বে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। তিনি বিদ্যুতের দাম বাড়ানোর আগে এ নিয়ে জাতীয় সংসদে আলোচনা এবং উন্মুক্ত গণশুনানি আয়োজনের দাবি জানান। সভায় আরও বক্তব্য দেন ম. ইনামুল হক, রাগীব আহসান, জোনায়েদ সাকী প্রমুখ।