‘ডিজিটাল গ্রন্থাগার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই’
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল গ্রন্থাগার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ইন্টারনেটসহ কম্পিউটার দেওয়া প্রয়োজন। এ ছাড়া তথ্যপ্রযুক্তির বিষয়টি পাঠ্যক্রমে সংযোজনের মাধ্যমেই তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়া সম্ভব।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল গ্রন্থাগার’ শীর্ষক সেমিনারে বক্তরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাফিজ জামান। তিনি বলেন, দেশের বিভিন্ন গ্রন্থাগারে কম্পিউটার ব্যবহারের বর্তমান অবস্থা খুবই নাজুক। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার পেশাজীবীদের বিভিন্ন ক্ষেত্রে অবমূল্যায়ন এবং সরকারের সহযোগিতার অভাবে তথ্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে ডিজিটাল গ্রন্থাগারে পরিণত করতে শিগগিরই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে।অধ্যাপক এস এম মান্নানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক এম নাসিরউদ্দিন মুন্সী, অধ্যাপক সাইফুল আলম, সদরুল আলম ও দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার। বিজ্ঞপ্তি।