ঢাকা বিশ্ববিদ্যালয় গত রোববার জামিনের বিষয়টি প্রকাশ পেলে আইনজীবীদের অনেকে বিস্ময় প্রকাশ করেন
‘ডিজিটাল জালিয়াতির’ অভিযোগে গ্রেপ্তার আটজন জামিনে মুক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে সংক্ষিপ্ত খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে অভিনব জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার আটজন জামিন পেয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত দুই হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তাঁদের জামিন মঞ্জুর করেন।গত ৩১ অক্টোবর আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত ২ নভেম্বর জামিন মঞ্জুর করেন। গত রোববার জামিনের বিষয়টি প্রকাশ পেলে আইনজীবীদের অনেকে বিস্ময় প্রকাশ করেন।আদালতের আদেশে বলা হয়, ঘটনার দীর্ঘ সময় পর মামলা করা হয়েছে। আসামিরা সবাই ছাত্র। একজন আসামি চেয়ারম্যান পদপ্রার্থী। এতে আরও বলা হয়, আসামিরা পরিস্থিতির শিকার।রিমান্ড আবেদন থাকার পরও জামিন দেওয়ার বিষয়ে জানতে চাইলে আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল আলম সাংবাদিকদের বলেন, রিমান্ডের আবেদন করা হয়েছে—এমন আদেশ লেখা হয়নি। তবে আদালত ২ নভেম্বর রিমান্ড ও জামিনের শুনানির আদেশ দিয়েছিলেন। জামিনের বিরোধিতা করেছেন কি না, জানতে চাইলে মো. শফিকুল বলেন, ‘তা মনে নেই। মামলার নথি দেখে বলতে হবে।’গত ২৯ অক্টোবর ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সহায়তা করার জন্য দলটির সদস্যদের ওই দিনই গ্রেপ্তার করা হয়। পরদিন মামলা করে তাঁদের আদালতে পাঠানো হয়।জামিনপ্রাপ্ত আসামিরা হলেন আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, সোহেল রানা, নজরুল ইসলাম, শাহাজাদা, বাচ্চু মিয়া, শাহাদত হোসেন ও জামাল উদ্দিন। এঁদের মধ্যে শাহাজাদা পটুয়াখালীর বাউফল থানার ১৪ নম্বর নওমালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী।গত ২৯ অক্টোবর র্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলার সময় হলে যুগপৎ অভিযান চালিয়ে ও বাইরে থেকে আসামিদের গ্রেপ্তার করে। তাঁরা মোটা অঙ্কের টাকা নিয়ে পরীক্ষার হলে খুদেবার্তার মাধ্যমে উত্তর সরবরাহের চুক্তি করেছিলেন।নাম প্রকাশ করতে না চাওয়া কয়েকজন আইনজীবী মন্তব্য করেন, প্রশ্নপ্রত্র ফাঁস ও ভুয়া শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জামিন পাওয়ায় এ ধরনের অপরাধের প্রবণতা আরও বাড়বে।