'ঢাকার পরিবেশ বাঁচাতে নদীর পরিচর্যা দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে বাঁচাতে হলে নদী ও খালগুলোর পরিচর্যা করা দরকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। একই সঙ্গে নদী ও খালগুলোকে দখলমুক্ত করার কথা বলেন তিনি।
রাজধানী ঢাকার চারপাশে প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য এ আহ্বান জানান। ঢাকার স্থাপত্য-বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি গতকাল শনিবার সকালে রাজধানীর সদরঘাটের বাদামতলীতে বিআইডব্লিউটিসির (অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) ঘাটে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কমিটির চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ব্যক্তিস্বার্থে নদীগুলো দখল করা হচ্ছে। নদীর তীর দখল করে ভবন করা হচ্ছে। কিন্তু ঢাকাকে বাঁচাতে হলে নদীগুলোর পরিচর্যা প্রয়োজন।
উপাচার্য বলেন, ‘আজকে বাদামতলী ঘাটের নোংরা পরিবেশ দেখলে যে কেউ হতাশ হবেন। ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় ও পরিবেশ সংরক্ষণের জন্য ঢাকা ও এর আশপাশের নদীগুলোকে দখলমুক্ত করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও স্থাপত্য কমিটির চেয়ারম্যান আবু সাইদ এম আহমেদ, সাংবাদিক মোরশেদ আলী খান, অনুবাদক ও গবেষক মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন ফতেহপুরী প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফটোসাংবাদিক জয়িতা রায়।
আয়োজকেরা বলেন, স্থাপত্যের সঙ্গে নদীর সম্পর্ক গভীর। ঢাকার সব প্রাচীন ঐতিহ্য নদীকে ঘিরে। সে কারণেই ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে আজকের উদ্যোগ। অর্ধশতাধিক গবেষক, স্থপতি, শিল্পী, সংস্কৃতি ও পরিবেশকর্মী, সাংবাদিক ও আলোকচিত্রী এ কর্মসূচিতে অংশ নেন।