‘তথ্যপ্রযুক্তি মানুষকে বৈশ্বিক নাগরিকে পরিণত করেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আজকের দিনে প্রযুক্তিগত অগ্রগতিতে বড় পরিবর্তন এনেছে। বস্তুত আমরা এখন ডিজিটাল কম্পিউটার যুগে বাস করছি। মানুষ এখন বৈশ্বিক নাগরিকে পরিণত হয়েছে।’ গতকাল বৃহস্পতিবার সপ্তম ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০১২-এর আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এই সম্মেলনের আয়োজন করে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক প্রাণ কানাই সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদল মতিন পাটোয়ারী, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন সত্য প্রসাদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।আয়োজকেরা জানান, সম্মেলনের ২১ ও ২২ ডিসেম্বরের অধিবেশনে দেশি-বিদেশি গবেষকদের ৩৫টি কারিগরি সেশনে টেলিযোগাযোগ, ইলেকট্রনিকস, ন্যানোটেকনোলজি, ডিজিটাল প্রযুক্তি, কম্পিউটার কৌশল, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে ২৪১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। প্রতিবছরের মতো এ বছরও বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে গবেষকেরা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন এবং এই দুই দিনে তাঁরা নিজ গবেষণাপত্র তুলে ধরবেন।