‘তারা আদালতে গিয়ে বলছে, আমরা ব্যর্থ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন সম্পর্কে ধারণার অভাব ও আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় নারীর প্রতি সহিংসতা কমছে না। ত্রুটিপূর্ণ আলামত সংরক্ষণ, সাক্ষ্যের অভাব, দুর্নীতি, পারিবারিক সহিংসতা নিয়ে তদন্তে পুলিশের দুর্বলতা ও অনিহা নারী নির্যাতন রোধে প্রধান বাধা।গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ নারীর প্রতি সহিংসতা রোধে মানবাধিকার সংস্থা অধিকার ও দি ফিনিস ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস (কিয়স) আয়োজিত সভায় আলোচকেরা এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত অ্যানেলি লিন্ডাল কেনি।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অপরাধ তদন্ত সংস্থার অবস্থা খুবই নাজুক। তারা আদালতে গিয়ে বলছে, ‘আমরা ব্যর্থ’। নারী নির্যাতনের তদন্তের ক্ষেত্রে এই দুর্বলতার প্রতিফলন ঘটছে । সুইডেনের রাষ্ট্রদূত বলেন, জেন্ডার সমতা বিবেচনার ক্ষেত্রে সুইডেন বিশ্বে অনুকরণীয় রাষ্ট্র হলেও ২০১০ সালে দেশটিতে ২৭ হাজার নারী নির্যাতনের শিকার হয়েছেন। যদিও দেশটির জনসংখ্যা মাত্র ৯০ লাখ। অ্যানেলি লিন্ডাল বলেন, শিক্ষিত ও উপার্জনক্ষম বলে সুইডেনের নারীরা পরনির্ভরশীল নয়। তাঁদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়রা রহমান বলেন, বাস্তবতা হচ্ছে, একজন নারী সহিংসতার শিকার হয়ে মারা না যাওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা ওই সহিংসতাকে গুরুত্ব দিতে চায় না। দেশের বিচারব্যবস্থাও দরিদ্রবান্ধব নয়। অনুষ্ঠানে বক্তব্য দেন কিয়সের নির্বাহী পরিচালক উলা অ্যানটিলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধিকারের কোষাধ্যক্ষ ফরিদা আখতার।