‘দুর্নীতির কারণে ধনীরা ধনী, গরিবেরা আরও গরিব হচ্ছে’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতির কারণে দেশের ধনী গোষ্ঠীরা ক্রমশ ধনী এবং দরিদ্র জনগোষ্ঠী দিনে দিনে আরও দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত সততা সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরিবার থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিক দুর্নীতিবাজদের খুঁজে বের করো। তোমাদের দৃঢ় চেতনার কাছে ওই সব দুর্নীতিবাজকে হার মানতেই হবে।’ তিনি দুর্নীতিবাজদের সামাজিকভাবে চিহ্নিত করতে শিক্ষার্থীদের সংগঠন—সততা সংঘকে নির্দেশ দেন। দেশের ১২ হাজার ৭১টি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী গণসচেতনতা তৈরি করতে দুদক এই সততা সংঘ গঠন করেছে। দেশব্যাপী ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’-এর কর্মসূচি অনুযায়ী এই সমাবেশের আয়োজন করা হয়। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুর্নীতি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানের বিকাশ ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে প্রধান বাধা। সমাবেশে বক্তব্য দেন, কমিশনার মো. বদিউজ্জামান, মহাপরিচালক এম এইচ সালাউদ্দিন, সততা সংঘের প্রতিনিধি এস এম সামাউনুস সাফা এবং কাজী সুখিতা মাসুদ, শিক্ষক প্রতিনিধি পারভীন আরা বেগম, রহমতউল্লাহ জুয়েল প্রমুখ।