‘দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারিবারিক নির্যাতন প্রতিরোধ করতে পারে’
দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারিবারিক নির্যাতন প্রতিরোধ করতে পারে। এ পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।গতকাল বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে দক্ষিণ এশীয় চেঞ্জমেকার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। বেসরকারি সংস্থা অক্সফাম জিবির সহযোগিতায় ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এ অনুষ্ঠানের আয়োজন করে।পারিবারিক নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের ‘আমরাই পারি’ প্রচারাভিযানের দেড় শ সদস্য অংশ নেন। গত মঙ্গলবার এ সম্মেলন শুরু হয়।সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া দেশের প্রতিনিধিরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে গান, নাচ ও কবিতার মাধ্যমে সবার প্রতি পারিবারিক ও নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়া এবং দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, ‘আমাদের সামাজিক অবস্থায় পারিবারিক নির্যাতনের মতো হিংস্রতার উৎপত্তি। পাশাপাশি ব্যক্তিত্বের ঘাটতি ও পুরুষতান্ত্রিকতা এ ধরনের আচরণের জন্য দায়ী। যে মেয়েটি সারা জীবনের জন্য পাশে এসে দাঁড়ায়, তাকে মানুষ হিসেবে মনে করা হয় না। নির্যাতনমুক্ত সমাজ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’জাতীয় সংসদের সদস্য হাবিবুন্নাহার বলেন, ‘নির্যাতনকারীরা দূরের কেউ নয়। আমাদেরই কাছের মানুষ। এ অবস্থার পরিবর্তন আনতে পরিবার থেকেই বদল শুরু করতে হবে।’ বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম বলেন, ‘বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে। তবে একটি বিষয়ের অস্তিত্ব সব দেশেই আছে, তা হচ্ছে নারী নির্যাতন। এ নির্যাতন প্রতিরোধে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। একই সঙ্গে সচেতনতা গড়ে তুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, অংশ নেওয়া দেশগুলো কর্মশালা ও নির্যাতনবিরোধী প্রচারাভিযানে অংশ নিয়েছে। এর মাধ্যমে পারিবারিক নির্যাতন-সমস্যা এবং এ সংক্রান্ত আইনসহ অনেক বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। এতে নির্যাতন প্রতিরোধে সচেতনতা আরও জোরদার হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অক্সফাম জিবির ঊর্ধ্বতন কর্মকর্তা গেরিথ প্রাইস জোনস।