‘দোকান খোলা মানে টাইম পাস করা’
একের পর এক হরতালে অনেকটাই নিষপ্রভ পুরান ঢাকা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে নেই চিরচেনা যানজট। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। সদরঘাট ফাঁকা, যাত্রীর চাপ নেই। ইসলামপুর, পাটুয়াটুলী, বাংলাবাজার ও বাবুবাজারে নেই কর্মচাঞ্চল্য। বিএনপি-জামায়াতের ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতাল চলাকালে সরেজমিন ঘুরে পুরান ঢাকার এই চিত্রই চোখে পড়ে। অবশ্য গতকাল সদরঘাট, নারিন্দা, রায়সাহেব বাজার, যাত্রাবাড়ী ও ধোলাইখাল এলাকায় আগের তিন দিনের হরতালের চেয়ে দোকানপাট একটু বেশিসংখ্যক খোলা দেখা যায়। তবে ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা আগের মতোই দোকানপাট বন্ধ রাখেন।গত সপ্তাহের চার দিনের হরতালে বেশি বিপাকে পড়ছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতা নেই, তাই ব্যবসা-বাণিজ্য হচ্ছে না। আয় না থাকায় পুঁজিতে টান লেগেছে। আবার হরতাল হলে পথে বসা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না বলে জানালেন একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। সদরঘাটের সামনের ফুটপাতে কাপড় বিক্রি করেন আল-আমিন। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। বাড়িতে আছেন বৃদ্ধ বাবা-মা, দুই ছেলে আর স্ত্রী। সারা দিন যা বেচাবিক্রি হয়, তা দিয়েই সংসার চালান। গতকাল সকালে কথা হয় তাঁর সঙ্গে। আল-আমিন বলেন, ‘যারা হরতাল ডাহে, তাগো তো লোকশান নাই। ক্ষতি হয় আমাগো মতো গরিব মাইনষেগো। তিন-চার দিন ধইরা কুনো বেচাকিনা করতে পারতাছি না। এখন বইসা বইসা ব্যবসার পুঞ্জি খাইতে হইতাছে।’সদরঘাট টার্মিনালে বেলা সাড়ে ১১টায় গিয়ে দেখা যায় যাত্রীর সংখ্যা একেবারেই কম। দোকানপাট কিছু খোলা, কিছু বন্ধ। হকারদের আনাগোনাও ছিল হাতেগোনা। ঢাকা-চাঁদপুরের একটিমাত্র লঞ্চ ঘাট ছাড়ার অপেক্ষায় ছিল। তবে কয়েকটি লঞ্চ সকালে ঘাটে এলেও পর্যাপ্ত যানবাহন না থাকায় গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।সদরঘাটে নৌকায় করে রুটি, পানি, ফলমূল ইত্যাদি বিক্রি করেন আবদুর রশিদ। পাঁচ দিন পর তিনি নৌকায় পণ্য নিয়ে বের হয়েছেন। তিনি বলেন, ‘প্রতিদিন ১০-১২ হাজার টাকার বেচাকিনা হয়। দেড়-দুই হাজার টাকা লাভ থাকে। কিন্তু হরতালে দুকান খুলতে পারি নাই। অনেক ট্যাকা লস হইয়া গ্যাছে।’পাশে থাকা শসা বিক্রেতা মো. সোহেল বলেন, ‘আমরা গরিব মানুষ। কী করুম। হ্যারা হরতাল দেয় আর আমরা বইসা বইসা লস গুনতে থাহি।’ সোহেল জানান, প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৭৫০ টাকা বিক্রি হলেও হরতালে ১০০-১৫০ টাকার বেশি হয় না।এদিকে হরতালে বাদামতলীর ফল বিক্রেতারা দোকান খুলে বসে ছিলেন, কিন্তু ক্রেতার দেখা নেই। গোলাম সারওয়ার নামের এক ফল বিক্রেতা জানালেন তাঁর ক্ষোভের কথা। বললেন, ‘ফলমূল দুই-তিন দিন রাখলেই পচন ধইরা যায়। রং নষ্ট হইয়া যায়। লোকসান কমাইতে কম দামে বিক্রি করতে চাইলাম। হ্যার পরও কিননের মানুষ নাই।’যাত্রাবাড়ী এলাকার মো. আলিফ নামের এক সিরামিক ব্যবসায়ী বলেন, ‘হরতালে দোকান খোলা মানে টাইম পাস করা।’এদিকে লক্ষ্মীবাজার থেকে সদরঘাট পর্যন্ত সাতটি স্কুল ও তিনটি কলেজের কারণে সব সময়ই একধরনের চাঞ্চল্য থাকে। কিন্তু টানা হরতালে সেটি আর নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও যেন বিরানভূমি। ক্লাস-পরীক্ষা না থাকায় শিক্ষকেরা খুব প্রয়োজন ছাড়া আসছেন না। কর্মকর্তা-কর্মচারীদেরও অনেকেই আসছেন না নিরাপত্তার অজুহাতে।