‘নগরে নিসর্গ’ এখন বিরক্তির কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান থেকে সদরঘাটে যাওয়ার পথে তাঁতীবাজার মোড়ে ইংলিশ রোডের সড়কদ্বীপে ২০০৮ সালে নির্মিত হয় ‘নগরে নিসর্গ’ নামের স্থাপনা। এখানে একটি ফোয়ারা ও বকের ভাস্কর্য নির্মাণ করার পাশাপাশি কিছু গাছপালাও লাগানো হয়েছিল। স্থাপনা নির্মাণের উদ্দেশ্য ছিল সৌন্দর্য বাড়ানো।কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এটি এলাকাবাসীর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থাপনার পাশে পার্কে ময়লা-আবর্জনার স্তূপ। ফুটপাত বলে কিছু নেই। পাশে ট্রাকস্ট্যান্ড। ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলের সামনে সারাক্ষণ লেগে থাকে যানজট। রাতে বসে মাদকসেবীদের আড্ডা।‘নগরে নিসর্গ’ নির্মাণ করে হেরিটেজ ক্রিয়েটিভ নামের প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন এটি উদ্বোধন করেন ২০০৮ সালের ২৪ মার্চ।সিটি করপোরেশন সূত্র জানায়, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার পাশাপাশি সড়কদ্বীপসহ বিভিন্ন এলাকায় ফোয়ারা, ভাস্কর্য নির্মাণসহ এ ধরনের উদ্যোগ নিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হচ্ছে। আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে সিটি করপোরেশন সমঝোতা করে। অনুমতি নিয়ে আগ্রহী প্রতিষ্ঠান পরিকল্পনা অনুযায়ী স্থাপনা নির্মাণ করে। এলাকার পরিবেশ উন্নত করাসহ বিনোদন সুবিধা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য।হেরিটেজ ক্রিয়েটিভের কর্ণধার রাফেয়া আবেদীন বলেন, সৌন্দর্য বাড়াতে ‘নগরে নিসর্গ’ নির্মাণ করা হয়েছিল। অব্যবস্থাপনার কারণে এর উদ্দেশ্য সফল হচ্ছে না। রাফেয়া আবেদীন বলেন, ‘ইচ্ছা থাকলেও এগুলো আমরা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পারি না। এখানে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে রাখা হয়। পাশের পার্কে আবর্জনা ফেলে উঁচু করে রাখা হয়েছে।’ এ ব্যাপারে সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে বলে তিনি মনে করেন।অব্যবস্থাপনার চেয়েও এলাকাবাসীর দায়িত্বের ওপর বেশি জোর দিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা। তিনি বলেন, ‘এলাকাবাসীর সহায়তা দরকার। ইংলিশ রোডের পার্কটিতে তিন বছর ধরে ভাঙা ভবনের ইট-বালু-সুরকি ফেলা হচ্ছে।’‘নগরে নিসর্গ’ নিয়ে এলাকাবাসীর রয়েছে ভিন্ন মত। এটি নির্মিত হওয়ায় স্থানটি মানুষের চলাচলের উপযোগী হয়েছে। কেউ বলেছেন, এর কারণে আশপাশের সড়কে যানজট লেগে থাকে।এলাকার সৌন্দর্য বাড়ানোর জন্য ‘নগরে নিসর্গ’ তৈরি করা হয়েছিল। কিন্তু স্থাপনাটির সেই সৌন্দর্য আর নেই। অন্যদিকে আবর্জনার কারণে পার্কেও নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই। আবর্জনা এসে রাস্তা সরু করে ফেলেছে। রাস্তার ওপরেই দাঁড়াচ্ছে গাড়ি। ব্যবসায়ী মো. জুয়েল বলেন, রাস্তার ওপরে যানজট লেগে থাকায় মালামাল ওঠানো-নামানোয় সমস্যা হচ্ছে।ইংলিশ রোডের বাসিন্দা আবদুল হালিম বলেন, যথাযথ ব্যবস্থাপনার উদ্যোগ নিলে অবস্থার পরিবর্তন সম্ভব। এলাকার মানুষকে পার্কে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ‘নগরে নিসর্গ’ নিয়মিত দেখভালের ব্যবস্থা করতে হবে সিটি করপোরেশনকে।