‘নতুন প্রজন্ম গড়তে শিক্ষকদের তৈরি হতে হবে’
উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে হলে প্রয়োজন বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত একটি নতুন প্রজন্ম। প্রচলিত শিক্ষায় কাজটি সম্ভব নয়। এ জন্য শিক্ষার ধারায় মৌলিক পরিবর্তন আনতে হবে। সমন্বয় ঘটাতে হবে নৈতিক মূল্যবোধ ও দেশাত্ববোধের। আর এ কাজটি সম্পন্ন করার জন্য প্রস্তুত হতে হবে শিক্ষকদের।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কো ঢাকা যৌথভাবে সভাটি আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকেরা সবসময় সম্মান ও শ্রদ্ধার আসনে আসীন। তাঁরা শিক্ষার নিয়ামক শক্তি। অথচ আমরা তাঁদের ঠিকমতো বেতন দিতে পারি না। ভাবতেও লজ্জা লাগে, উপমহাদেশে সবচেয়ে কম বেতন পান আমাদের শিক্ষকেরা। বেসরকারি শিক্ষকেরা বাড়ি ভাড়ার জন্য ১০০ টাকা পান, যেখানে এক রাত ফুটপাতে কাটাতে ২০ টাকা লাগে।’ শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সামাজ নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে শিক্ষাঙ্গন। তাই শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদেরও তৈরি হতে হবে। সভায় মূল প্রবন্ধে ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক কাজী আফরোজ জাহান আরা বিভিন্ন সামাজিক ও মানসিক সমস্যায় শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষকদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।